মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক পাখি শিকারির বাড়িতে অভিযান চালিয়ে পাখি ধরার সরঞ্জামসহ ৩ প্রজাতির ৫টি শিকারি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এই পাখিগুলোকে কাজে লাগিয়ে পাখি ধরে বাজারে বিক্রি করতেন আজিজ মিয়া নামের ওই শিকারি।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বিরাইমপুর এলাকার আজিজ মিয়ার বাড়ি থেকে এই পাখিগুলো উদ্ধার করা হয়। পাখিগুলোর মধ্যে ছিলো ১টি ডাহুক, ৩টি তিলা ঘুঘু ও ১টি কোড়া পাখি।
বনবিভাগের অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন ওয়াইল্ডলাইফ জুনিয়র স্কাউট সুব্রত সরকার, তাজুল ইসলাম প্রমুখ।
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে শহরের বিরাইমপুর এলাকায় আজিজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করি। তিনি আমাদের কাছে মুচলেকা দিয়েছেন যে, তিনি আর কখনো পাখি ধরবেন না। আমরা পাখি ধরার সরঞ্জামসহ পাখিগুলোকে উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে এসেছি। পাখিগুলোকে পর্যবেক্ষণ করে শীঘ্রই অবমুক্ত করা হবে।
বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ এর সমন্বয়ক সোহেল শ্যাম দেশ রূপান্তরকে বলেন, মানুষকে বুঝাতে হবে পাখি ও বন্যপ্রাণীরা আমাদের পরিবেশ রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এই পাখি শিকার রোধ করতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সবাইকে বলবো কোথাও কোন বন্যপ্রাণী আটকা পড়লে বা কেউ ধরলে সাথে সাথে বন বিভাগ ও আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
