টোকিওতে ট্রেনে নারীর ছুরি হামলা, আহত ৩

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম

জাপানের রাজধানী টোকিওতে ট্রেনে এক নারীর ছুরি হামলায় তিনজন আহত হয়েছেন। ঘটনার পর পরই হামলাকারী নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার স্থানীয় সময় রাত ১১টার একটু আগে টোকিওর আকিহাবারা স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। জরুরি একটি কলে পুলিশ জানতে পারে, ইয়ামানোতে লুপ লাইনে এক নারী ছুরি নিয়ে হামলা চালিয়েছে। এটি টোকিওর অন্যতম ব্যস্ত পরিবহন রুট বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগের মুখপাত্র জানিয়েছেন, ওই নারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাপানের কিয়োদো বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আহত তিনজনের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে প্রথমে জানিয়েছিল, ওই ঘটনায় চারজন ছুরিকাহত হয়েছেন।

ওই ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত