বর্জনের ডাক দিয়ে মামলায় শুনানি করছেন বিএনপির আইনজীবীরা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম

সরকারের পদত্যাগ, দলীয় নেতাকর্মীদের সাজার প্রতিবাদে চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশের সকল আদালত বর্জনের (১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি) ঘোষণা দিয়েছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন জামায়াতপন্থী আইনজীবীরাও। তবে, কর্মসূচির ডাক দিয়ে ঢাকার আদালতগুলোতে বিএনপি- জামায়াতের অনেক আইনজীবীই তা পালন করছেন না। 

গতকাল বুধবার ও বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকার আদালত এলাকার বেশকিছু আদালতের এজলাস সরজমিনে ঘুরে ও সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে। গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে এক সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপিন্থী আইনজীবীরা। সে হিসেবে গতকাল চতুর্থ দিনের মতো এ কর্মসূচি ছিল। যদিও আগামী শুক্রবার ও  শনিবার সাপ্তাহিক ছুটি এবং ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে ছুটি রয়েছে।    

এদিকে বৃহস্পতিবার এ কর্মসূচির চর্তুথ দিনে ঢাকার অধস্তন আদালতে প্রায় স্বাভাবিক বিচার কাজকর্ম হয়েছে। তবে অন্যান্য দিনের মতো ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সরকারবিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেন বিএনপি- জামায়াত পন্থি আইনজীবীগন। 

ঢাকার বিভিন্ন আদালত ঘুরে দেখা গেছে, জামায়াত ও বিএনপি পন্থী আইনজীবীরা আদালত বর্জন ডাক দিয়ে তারা নিয়মিত আদালতে আসামিদের হাজিরা, সাক্ষ্যগ্রহণ, জামিনসহ অন্যান্য শুনানিতে অংশগ্রহণ করছেন। তবে কিছু আইনজীবী মামলায় স্বশরীরে অংশগ্রহণ না করে কৌশলে অন্য কোনো আইনজীবীদের দিয়ে মামলা পরিচালনা করছেন। তবে বিএনপিপন্থী ও সমমনা আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের ঢাকা বার ইউনিটের সহ- সভাপতি ও ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম বর্জন কর্মসূচির মধ্যে মামলা পরিচালনার বিষয়টি অস্বীকার করেন। 

তিনি বলনে, গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি পালন করছি। এ সময় তাদের কেউই কোন মামলায় অংশগ্রহণ করেনি। আমরা আদালতে অবস্থান করছি ঠিক, কিন্তু মামলার শুনানিতে অংশ নিচ্ছি না। 

যদিও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালতে গত ৩ জানুয়ারি জামিন শুনানিতে অংশ নেন জামায়াতের আইনজীবী আবু সাঈদ মোল্লা। এছাড়া গতকাল ঢাকার বিশেষ জজ আদালত- ৬ এ মাদক মামলায় সাক্ষী নেওয়া সহায়তা করেন বিএনপি পন্থী  আইনজীবী মহি উদ্দিন চৌধুরী। গত ৩ জানুয়ারি ঢাকার বিশেষ জজ-৮ এক মামলার আসামি পক্ষে হাজিরা দাখিল করেন বিএনপি পন্থী আইনজীবী জাহিদুল ইসলাম। তিনি দুই বার ঢাকা বারে সাধারণ সম্পাদক পদে নিবাচনে অংশ নিয়েছিলেন। তবে, বিএনপিপন্থী- জামায়াতপন্থী বেশিরভাগ জ্যেষ্ঠ আইনজীবী তাদের জুনিয়র আইনজীবীদের দিয়ে আদালতে মামলা পরিচালনা করেছেন। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, ‘বিএনপি-জামায়াত পন্থি আইনজীবীরা আদালত বর্জন করলেও আসলে তারা করেননি। তারা আদালতের যথাযথ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। অধিকাংশ সিনিয়র আইনজীবীরা তাদের সহযোগী আইনজীবীদের দিয়ে মামলা পরিচালনা করছেন। অযথা আদালত বর্জনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছেন তারা।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত