কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ শুক্রবার বিকেলে এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ভার্চুয়াল বৈঠকে ৭ জানুয়ারি নির্বাচনের যে পরিবেশ নেই সে সম্পর্কে পর্যবেক্ষক দলের সামনে বিস্তারিত তুলে ধরেন বিএনপি নেতারা।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আগত নির্বাচন পর্যবেক্ষক দল বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি বিকেল ৫টা ১০ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত চলে।
কমনওয়েলথ ১০ সদস্য দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরিতি ব্রুস গোল্ডিং। বিএনপির পক্ষে মঈন খান ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি আন্তর্জাতিক বিষয় সম্পাদক হুমায়ুন কবির, বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।
