দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী এই হরতাল পালিত হবে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির কর্মসূচির সমর্থনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জামায়াতসহ আন্দোলনরত সমমনা দলগুলোও হরতাল পালন করছে।
এদিকে হরতালের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছেন নেতাকর্মীরা। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করে বাংলামোটরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, সরকার আবারও আগুন নিয়ে খেলা শুরু করেছে। একতরফা নির্বাচন আয়োজন করতে পুরানো খেলায় মেতে উঠেছে সরকার। আগেও অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছিল। বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড এবং হতাহতের ঘটনা সরকারি সে পুরানো খেলারই অংশ বলে জনগণ বিশ্বাস করে।
