ফেনী-২

নৌকার পথসভায় টাকা ও খাবার বিতরণের দায়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনীর সদর উপজেলার শশদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফেনী জেলা যুবলীগের সহ-সভাপতি জানে আলম ভূঞার বিরুদ্ধে মামলা হয়েছে। ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম শুক্রবার (৫ জানুয়ারি) ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে মুহাম্মদ আশরাফুল উল্লেখ করেন, জানে আলম ভূঞা গত ২৫ ডিসেম্বর নৌকার প্রার্থী গণসংযোগ শেষে চলে যাওয়ার পর জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নৌকা প্রতীকে ভোট চেয়ে নারীদের হাতে নগদ টাকা ও অন্যান্য লোকজনের হাতে প্রার্থীর ছবি সংবলিত খাবারের প্যাকেট বিতরণ করেন। যাহা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ ও ৭৫ এর বিধান লঙ্ঘনের দায়ে উক্ত আদেশের অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ঙ) এর বিধান লঙ্ঘন। এ ঘটনায় বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশে মামলাটি দায়ের করা হয়।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর ফেনী-২ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী শর্শদী ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে প্রচারণায় মোহাম্মদ আলী বাজার, নিমতলা, শর্শদী বাজার, আবুপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগ ও প্রচারণা শেষে জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগত নারী-পুরুষ ভোটারদের নগদ অর্থ ও প্রার্থীর ছবি সম্মিলিত প্যাকেটে খাবার বিলি করেন স্থানীয় চেয়ারম্যান জানে আলম। এ সময় নগদ টাকা ও খাবার না পেয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

চেয়ারম্যান জানে আলম বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে দেশ রূপান্তরের হাতে ভিডিও ফুটেজ আছে জানালে তিনি এটিকে ইউনিয়নের গরিব জনগণের নিয়মিত সহযোগিতার অংশ বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত