বগির ভেতর থেকে দেওয়া হয় ট্রেনে আগুন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:২৯ পিএম

কমলাপুর রেলস্টেশনে রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন  বলেছেন, রাজধানীর গোপীবাগে চলন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয় বগির ভেতর থেকে। তবে কে বা কারা আগুন দিয়েছে, সেটি আমরা নিশ্চিত নই। 'চ' বগির মাঝখানের বা পাশে প্রথম আগুন জ্বলে ওঠে।

এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় নাশকতার অভিযোগে মামলা দায়ের করবে রেলওয়ে কর্তৃপক্ষ। মামলার তদন্তে রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছেন তিনি।

নাশকতার শিকার বেনাপোল এক্সপ্রেস ট্রেন পরিদর্শন আজ শনিবার দুপুরে এসব কথা বলেন কমলাপুর রেলস্টেশনে রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার।

আনোয়ার হোসেন বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার ঘটনা সমন্বিতভাবে তদন্ত করা হচ্ছে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ঘটনাও সব সংস্থা মিলে তদন্ত করা হবে। যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

গতকাল শুক্রবার রাতে গোপীবাগে ট্রেনে আগুনের দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মরচুয়ারীতে রয়েছে। 

পুলিশ ও হাসপাতার কর্তৃপক্ষ নিহতদের পরিচয় এখনও সনাক্ত করেনি। তবে নিখোঁজ চারজনের পরিবার হাসপাতালে আসলেও তারাও লাশ সনাক্ত করতে পারেনি এখনও। 

এ ছাড়া ওই ট্রেনে দগ্ধ হয়ে ৮ জন শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত