ভারতের মহারাষ্ট্রের রত্নাগিরিতে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার পরিবারের চারটি সম্পত্তি নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে দুটি বিক্রি হয়েছে, অবিক্রিত থেকে গেছে আরও দুটি সম্পত্তি। শুক্রবার (০৫ জানুয়ারি) ভারতের স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স অ্যাক্টের আওতায় এই নিলাম অনুষ্ঠিত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রত্নাগিরি জেলার মুম্বাকে গ্রামে একটি কৃষি জমি ছিল দাউদ ইব্রাহিমের। এটি তার পৈতৃক সম্পত্তি। জমিটির দাম দেওয়া হয়েছিল ১৫ হাজার ৪৪০ রুপি। কিন্তু নিলাম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জমিটির দাম। শেষ পর্যন্ত দুই কোটি রুপিতে বিক্রি হয় জমিটি।
এদিন অপর একটি জমির দাম দেওয়া হয় এক লাখ ৫৬ হাজার রুপি, আর তা বিক্রি হয় তিন লাখ ২৮ হাজারে। দুটি সম্পত্তি অবিক্রিত থেকে গেলেও এদিন নিলামে ওঠা চারটি সম্পত্তির মোট দাম রাখা হয়েছিল ১৯ লাখ ২০ হাজার রুপি। কিন্তু সবচেয়ে ছোট জমির দামই কোটি ছাড়িয়ে যায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত নয় বছরে দাউদ ইব্রাহিম ও তার পরিবারের ১১টি সম্পত্তি নিলামে তোলা হয়েছে। এর মধ্যে একটি রেস্তোরাঁ ৪.৫৩ কোটি রুপিতে, ছয়টি ফ্ল্যাট ৩.৫৩ কোটি রুপিতে এবং একটি গেস্ট হাউস ৩.৫২ কোটি রুপিতে বিক্রি হয়েছে।
১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বোমা হামলার প্রধান আসামি দাউদ ইব্রাহিম। বিস্ফোরণে ২৫৭ জন নিহত হওয়ার পর ভারত ত্যাগ করেন তিনি। তবে ১৯৮৩ সালে মুম্বাই যাওয়ার আগে মুম্বাকেই বসবাস করতেন দাউদ ইব্রাহিম।
গত বছরের ১৫ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সে সময় বিভিন্ন পোস্টে দাউদ ইব্রাহিমকে পাকিস্তানে বিষপ্রয়োগ করা হয়েছে বলে দাবি করা হয়।
তখন আরও বলা হয়, বিষপ্রয়োগের পর অসুস্থ দাউদ ইব্রাহিম করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার এই মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান ও ভারতের সোশ্যাল মিডিয়া। যদিও এখন পর্যন্ত এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি কোনো ভারতীয় সংবাদমাধ্যম।
সৌদির ৬ মন্ত্রণালয়ের ১৪১ কর্মচারী আটক
আবারও দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলামে তুলছে ভারত