জনগণের মন বোঝার দিন

অনলাইন ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৪, ০৮:০০ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৫
সারাংশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ শনিবার। ২৯৯টি আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলেও, ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৫৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন। রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট নারী প্রার্থী ৯০ জন।

লাইভ রিপোর্টিং

সাত ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ: ইসি

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪৫ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় মোট ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

রবিবার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, সকাল ৮টা দুপুর বিকেল ৩টা পর্যন্ত ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, বরিশালে ৩১ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ ভোট পড়েছে। সেই হিসেবে গড়ে আটটি বিভাগে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।

ফুলের মালা-একতারার এজেন্টদের কন্ঠেও নৌকার সুর

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪০ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪০

রাজধানী ঢাকা-১৩ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও মাঠ থেকে উধাও তিন প্রার্থী। কোনো কেন্দ্রে তাদের এজেন্ট নেই। নৌকা ছাড়া মাঠে থাকা অপর দুই প্রার্থীর (ফুলের মালা ও একতারা) সব কেন্দ্র এজেন্ট থাকলেও তারা সবাই নৌকার হয়ে কাজ করছেন। অর্থাৎ ঢাকা-১৩ আসনে সব প্রার্থীর সমর্থক এক প্রার্থীর পক্ষে কাজ করছেন। তারা সবাই নৌকায় উঠে পড়েছেন।

রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই আসনের বসিলা, রায়ের বাজার, মোহাম্মদপুর বাঁশবাড়ী, আদাবর, শেরে বাংলা নগর এলাকার ভোটকেন্দ্র ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

দুপুর ১টায় শেরে বাংলা নগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমীর দ্বিতীয় তলায় কেন্দ্র গিয়ে দেখা যায়, নৌকা, ফুলের মালা ও একতারার এজেন্টরা খোঁশগল্পে মত্ত। কেন্দ্রের ভেতরের ছবি তুলতে গেলে একযোগে তেড়ে আসেন তারা। নির্বাচনী আচরণবিধিতে একজন সাংবাদিকের কেন্দ্রের ভেতরের ছবি তোলার ক্ষেত্রে কোনো বাধা নেই, তাদের বলার পরও তারা প্রতিবেদকের কাজে বাধা দেয়। এই অবস্থায় ছুটে আসেন আনসার সদস্য, তিনিও তাদের সঙ্গে যোগ দিয়ে দেশ রূপান্তর প্রতিবেদক ভোটকেন্দ্রর ভেতর থেকে বের করে আনেন। এই অবস্থায় ছুটে আসেন দায়িত্বরত পুলিশ সদস্য। তিনি তাদেরকে বোঝালেন, সাংবাদিকরা কেন্দ্রের ভেতরের ছবি তুলতে পারবেন। এরপর দেশ রূপান্তর প্রতিবেদকের কেন্দ্রর ভেতরে ঢোকার অনুমতি মেলে।

এজেন্টদের পরিচিতি জানতে চাইলে, তারা আলাদাভাবে নৌকা, একতারা ও ফুলের মালার পরিচয় দেন। সবাই আওয়ামী লীগের কর্মী-সমর্থক কিনা, জানতে চাইলে জবাবে তারা মুচকি হাঁসি দেন।

রায়ের বাজার আলহাজ্ব আবুল হাসেম খান ইউসেফ স্কুল কেন্দ্র পরিদর্শন করা হয় বেলা ১১টায়। প্রায় এক ঘণ্টা অবস্থান করে দেখা যায়, ভোটের বুথগুলোতে নৌকা-একতারা ও ফুলের মালার প্রার্থীদের মধ্যে দেখা যায় সখ্যতা। ভোটারের উপস্থিতি কম থাকায় একসঙ্গে সকালের নাস্তা ও খোঁশগল্পে মেতে থাকতে দেখা যায়।

ঢাকা-১৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন, নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ছড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোটের শাহাবুদ্দিন, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রীম পার্টির সোহেল সামাদ বাচ্চু, টেলিভিশন প্রতীকে ন্যাশনালিস্ট ফ্রন্টের জাহাঙ্গীর কামাল, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের জাফর ইকবাল নান্টু এবং ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের কামরুল আহসান।

এসব প্রার্থীদের মধ্যে, নৌকার গানে সুর মিলিয়ছেন; ফুলের মালা-একতারা; আর মাঠ থেকে উধাও ছড়ি, টেলিভিশন ও মোমবাতির প্রার্থীরা।

প্রসঙ্গত, ঢাকা-১৩ আসনের মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ৪৩৮টি; এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৭৪৪টি, নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৬৮৮টি এবং হিজড়া ভোটার ৬টি। মোহাম্মদপুর, হাজারীবাগ, আদাবর ও শেরে বাংলা নগর থানার অংশ বিশেষ নিয়ে এই সংসদীয় আসন।

কুড়িগ্রামের জাল ভোট দেওয়ার যুবকের ৫ বছরের কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৪ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৪

কুড়িগ্রাম-৩ ( উলিপুর) আসনে জাল ভোট দেওয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্রু (২২) নামের এক যুবকে ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উলিপুরের বড়াবুড়ি ইউনিয়নের মণ্ডলের হাট উচ্চ বিদ্যালয় ১১১নং কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে এই জাল ভোটের ঘটনা ঘটে। ভয়ভীতি প্রদর্শন করে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের ছেলে মাহাতাব হোসেন রুদ্রু জাল ভোট দিতে গেলে পুলিশ তাকে আটক করে। খবর পয়ে তাৎক্ষণিক বিচার আদালত, নির্বাচন এলাকা ২৭ কুড়িগ্রাম-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন। 

আদালতের সামনে দোষ স্বীকার করায় বিজ্ঞ বিচারক মাহাতাব হোসেন তাকে ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। একইসঙ্গে ওই কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। 

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাহাতাব হোসেন রুদ্রু এবং প্রত্যাহারকৃত প্রিজাইডিং কর্মকর্তা পুলিশ হেফাজতে রয়েছে। 

টাঙ্গাইল-২ আস‌নে ভোট বর্জন কর‌লেন স্বতন্ত্র প্রার্থী

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:১২ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:১২

টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আস‌নের স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু জাল ভোট, এজেন্ট‌দের মারধরসহ বি‌ভিন্ন অভি‌যো‌গ এনে ভোট বর্জনের ঘোষণা দি‌য়ে‌ছেন। র‌বিবার (৭ জানুয়ারি) দুপু‌রে গোপালপুর উপ‌জেলার ঝাওয়াইল বাজার প্রচার প্রচারণার নির্বাচন অফিসে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। 

এ সময় ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোটমনিরের কর্মী সমর্থকরা ঈগল প্রতীকের কর্মীদের ব্যাপক মারধর করে। ঈগলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। অনেকের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বহু কর্মীকে আহত করে। স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলেনি। জেলার পু‌লিশ সুপার‌কে বারবার ফোন কর‌লেও তি‌নি ফোন রি‌সিভ ক‌রে‌ননি। 

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:০৬ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:০৬

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আলমগীর শিকদার লোটন নির্বাচনে কারচুপি ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে দুপুর দুইটায় এই ঘোষণা দেন তিনি।

এ সময় অভিযোগে লোটন বলেন, আড়াইহাজারের প্রায় সকল কেন্দ্র থেকেই তার এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। এ সময় সরকারী দলের সমর্থক ও পুলিশ তার কর্মী সমর্থকদের উপর গুলিবর্ষণ করেছে বলেও অভিযোগ আনেন তিনি। এ ঘটনায় তার ছোট ভাই জাহাঙ্গীর সিকদার জোটনসহ আরও ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

খুলনায় ভুয়া পোলিং এজেন্ট আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:০৫ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:০৫

খুলনা-৫ আসনের একটি ভোটকেন্দ্র থেকে একজন ভুয়া পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। আজ রবিবার বেলা ১২দিকে ডুমুরিয়া উপজেলার শোভনা বিরাজমানী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

এই কেন্দ্রে তিনি নৌকা প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন। আটক জিল্লুর বাগাতি ডুমুরিয়া উপজেলার পূর্ব-শোভনা গ্রামের নওশের বাগাতির সন্তান।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম জানান, কেন্দ্রটিতে গিয়ে এজেন্টের দেখতে চাইলে তিনি নিজেকে এজেন্ট বলে পরিচয় দেন। তবে কোনো নিয়োগপত্র দেখাতে পারেননি। তাই তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা-৫ আসনে নির্বাচনে লড়ছেন ৪ জন প্রার্থী। তবে মূল প্রতিযোগিতা হচ্ছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে একই দলের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেনের।

দিনাজপুরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটার

দিনাজপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৫৯ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৫৯

জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-২ আসন। এই আসনে মোট তিন জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। কিন্তু এরই মধ্যে তিন দিন আগে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মাহবুব আলম নির্বাচন থেকে সরে গেছেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার চৌধুরী জীবন (ঈগল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই আসনে প্রতিদ্বন্দ্বীতা না থাকলেও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। ভোট প্রয়োগের হারের সংখ্যা বেশি।

দুপুর ১২টা পর্যন্ত বিরল উপজেলার দামাইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ভোটের ২৭ শতাংশ ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটের ২৩ শতাংশ এবং রঘুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মোট ভোটের ৩০ শতাংশ ভোট পড়েছে।

কেন্দ্রে প্রিজাইডিং অফিসার জানান, সকালে পুরুষ ভোটারের সংখ্যা বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমেছে। অপরদিকে সকালে নারী ভোটারের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে।

পূর্বধলায় জাল ভোট দিতে এসে তিন কিশোর আটক

নেত্রকোণা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩৫ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩৫

নেত্রকোণায় উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলেও পূর্বধলায় জাল ভোট দেওয়ার অভিযোগে তিন কিশোরকে আটক হয়েছে। রোববার সকাল ১১টার দিকে তাদেরকে আটক করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. খবিরুল আহসান। 

আটককৃতরা হলেন — রাজন, মাহমুদুল হাসান নাইম ও তৈয়ব উল্লাহ।

জানা গেছে, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসা ওই তিন কিশোরকে আটক করা হয়।

এ ব্যাপারে নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান জানান, আমরা ওই কেন্দ্রে ছিলাম। এসময় অভিযোগ পেয়ে প্রথমে দুজনকে আটক করা হয়। পরে তাদেরকে যিনি পাঠিয়েছেন তাকেও আটক করি। 

এ ব্যাপারে জেলা প্রশাসনের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, পূর্বধলা উপজেলায় সকালে তিন জন কিশোর জাল ভোট দিতে গিয়ে বিষকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র আটক হয়। এছাড়া এখন পর্যন্ত জেলায় আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আনসারের সহায়তায় ভোট দিলেন অসুস্থ বৃদ্ধ

দিনাজপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩০ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩০

দিনাজপুর শহরের তালপুকুর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৭৬ বছর বয়স। দীঘদিন শারীরিক অসুস্থ। ঠিকভাবে চলাফেরা করতে পারেন না তিনি। চলাচলের জন্য একটি মাত্র ভরসা ক্র্যাচ। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট নষ্ট না করতে ইজিবাইক নিয়ে ভোট দিতে হাজির হয়েছেন তিনি।

রবিবার সকাল ১০ টায় একটি ইজিবাইকে দিনাজপুর শহরের একাডেমি স্কুল প্রাঙ্গণে ভোট দিতে আসেন তিনি। ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করার জন্য ইজিবাইক থেকে নামার সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। সেখানে দায়িত্বরত আনসার সদস্য রবিন ইসলামসহ অন্যান্য আনসার সদস্যরা বৃদ্ধ নজরুল ইসলামকে ধরে ভোট কেন্দ্রে নিয়ে যান। পরে ভোট দেয়া হলে তাকে আবার নিয়ে এসে ইজিবাইকে উঠিয়ে দেন।

এত অসুস্থতার মধ্যে তিনি কেন ভোট দিতে এসেছেন-এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভোট আমার মৌলিক অধিকার। বাসায় থাকলে আমার ভোট নষ্ট হবে। তাই কষ্ট হলেও ভোট দিতে আসছি।’

ভোট দেয়ার জন্য সাহায্য করায় তিনি আনসার সদস্যদরর ধন্যবাদ জানান।

সাইকেলে চালিয়ে কেন্দ্র পরিদর্শন করলেন ঢাবি অধ্যাপক

ঢাবি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:২৯ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:২৯

সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিহির লাল সাহা।

রবিবার ঢাকা-৮ আসনের আওতাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রগুলো সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে দেখেন তিনি। অধ্যাপক ড. মিহির বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানতে চাইলে দেশ রূপান্তরকে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চাই। আমি নিজে সকাল বেলা ভোট প্রদান করে পরিবেশবান্ধব বাহন সাইকেল চালিয়ে ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রগুলোর ভোটের পরিস্থিতি দেখছি। ভোটের পরিবেশ পরিবেশ বান্ধব হওয়া উচিত, এ কারণে প্রাইভেট কারে না চড়ে সাইকেল ব্যবহার করছি।

তিনি বলেন, আমরা সকলে মিলে চেষ্টা করলে একটি সুন্দর দেশ উপহার দিতে পারব। সুন্দর দেশ উপহার দিতে হলে একটা সুন্দর নির্বাচনও দরকার। আমরা সে প্রত্যাশা রাখি। যারা ভোটার তারা নিজ বিবেচনায় এসে ভোটাধিকার প্রয়োগ করবে।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫টি ভোট কেন্দ্র রয়েছে। ভোট কেন্দ্রগুলো হলো ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, উদয়ন স্কুল, সায়েন্স এনেক্স বিল্ডিং, কার্জন হল, চারুকলা অনুষদ। এসব কেন্দ্রে প্রায় ১০ হাজার ভোটার রয়েছেন।

শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ফরিদপুরে

ফরিদপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০৫ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:০০

দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুরের ৪টি আসনে শান্তিপূর্ণ ভাবে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথেই ভোটারদের উপস্থিতি কমে যায়। সকাল ৯টার দিকে সদর-৩ আসনে বেশীর ভাগ ভোট কেন্দ্রে নারী এবং পুরুষ ভোটারদের কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। তবে বেলা যত বাড়ছে ভোটার উপস্থিতি তত কমছে। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সদর আসনে কানাইপুর ইউনিয়নে একটি কেন্দ্রে হাতাহাতির ঘটনা ঘটেছে। এছাড়া বাকী তিনটি আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট চলছে।

সকাল নয়টায় ফরিদপুর সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক আলীপুর খাঁ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। অপর দিকে এ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ সকাল নয়টায় হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। 

এদিকে, ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো: আব্দুর রহমান তার নিজ কেন্দ্র কামালদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। 

এদিকে, ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী, সভাপতি মণ্ডলীর সদস্য এবং দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ তার নিজ এলাকা কাউলিবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় ভোট প্রদান করেন। এরপর তিনি সারা দেশের ভোটের বিষয়ে বলেন, যতটুকু জেনেছি সারা দেশে শান্তিপূর্ণ ভোট শুরু হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ তার গণতন্ত্রের অধিকার এবং ভোটের অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়। একটি আবাদ, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমি আশাবাদী সারাদিন শান্তিপূর্ণ পরিবেশেই ভোট শেষ হবে। বিএনপির বিষয়ে তিনি বলেন, রাজনীতি করলে সেই বিবেচনায় অবশ্যই তাদের ভোটে আসতে হবে। মানুষের কাছে না যেতে পারলে, ভোট না দিতে পারলে নেতাকর্মীরা হতাশ হয়ে যাচ্ছে। সবশেষে তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান।

অপরদিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার, বর্তমান সংসদ সদস্য এবং স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন সকাল ৮টায় ভোট দিয়েছেন তার নিজ এলাকার আজিমনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি এবারের নির্বাচনে ঈগল পাখি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোট দিয়ে তিনি বলেন, গত যে কয়দিন গেছে সে বিষয়ে আর বলব না। তবে এখন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এভাবে ভোট চলতে থাকলে আমার বিজয় সুনিশ্চিত। আমি গত করোনার সময় এবং তিনটি উপজেলার উন্নয়নে সব সময় জনগণের সাথে ছিলাম। আর একজন আছেন তিনি কখনো এলাকায় আসেন নাই। আর তাই এই তিন থানার জনগণ আমাকে শতভাগ বিজয় করবে। আমি হেভীওয়েট প্রার্থী বলতে কিছু জানিনা। আমি এসব হেভীওয়েট প্রার্থী মানি না। 

সর্বশেষ দুপুর ১টায় ফরিদপুর-৪ আসনের আজিমনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোট পড়েছে ৭শ ৭৮টি। মোট ভোটার সংখ্যা ১৬৪৮টি। আর একটি কেন্দ্র ঘারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোট সংখ্যা ২৮২৭জন। এর মধ্যে এই কেন্দ্রে ১টার সময় পর্যন্ত ১১শ ভোট পড়েছে।

প্রতিটি ভোট কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ফরিদপুরের চারটি আসনে মোট প্রার্থীর সংখ্যা ২১ জন এর মধ্যে ফরিদপুর-১ আসনে ৫ জন, ফরিদপুর-২ আসনে ৩ জন, ফরিদপুর-৩ আসনে ৬ এবং ফরিদপুর-৪ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন। 

২৫০০ ভোটারের কেন্দ্রে সাড়ে ৫ ঘণ্টায় ১৯০ ভোট

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০৩ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০৩

অনেকটা নিরুত্তাপ ভোট হচ্ছে ঢাকা- ৫ নির্বাচনী এলাকার দনিয়া কলেজ কেন্দ্রে। এখানে ভোট কেন্দ্র আছে তিনটি। এর মধ্যে ৭৪ নম্বর কেন্দ্রটি (স্বাধীনতা ভবন) ঘুরে দেখা গেছে বুথগুলোতে অনেকটা অলস সময় পার করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। 

দায়িত্বরতরা জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৫৫০ জন। তবে সকাল আটটায় ভোট শুরুর পর দুপুর দেড়টা পর্যন্ত সাড়ে ৫ ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ১৯০ জন ভোটার‌ (৬টি বুথে)। 

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার এ বি এম আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, 'ভোটার উপস্থিতি কম হলেও নারী ও বয়স্ক ভোটার এসেছেন বেশি। এখন পর্যন্ত কেন্দ্রের সার্বিক পরিবেশ ভাল। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে কোনো অসহিষ্ণুতা দেখিনি। নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক।'

এবারের নির্বাচনী লড়াইয়ে রয়েছেন মোট ১৯৭১ জন প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা ২৬৬ জন। জাতীয় পাটির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন ভোটের মাঠে আছেন।

নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।     

কক্সবাজার-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন

কক্সবাজার প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০১ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০১

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টো।

রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। 

নুরুল আমিন সিকদার ভুট্টো বলেন, ‘নৌকার কর্মী-সমর্থকরা কেন্দ্র থেকে আমার এজেন্ট ও কর্মীদের বের করে দিয়েছে। এছাড়া ভোট ছিঁড়ে নিচ্ছে। লাঙলের কর্মীদের হাত থেকে ব্যালট নিয়ে ছিঁড়ে ফেলেছে। প্রশাসনকে অবহিত করেছি। এক ঘণ্টা পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমি ভোট বর্জন করেছি।’

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৯৭১ জন, ভোটকেন্দ্র ১০৪। এরমধ্যে টেকনাফের ৫৭ কেন্দ্র এবং উখিয়ায় ৪৭টি কেন্দ্র রয়েছে। 

ভোটদানে বাধা দেওয়ায় নৌকার ৩ সমর্থককে জেল

মেহেরপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৫৫ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৫৫

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে সদর উপজেলার বাড়াদি ইউনিয়নের কলাই ডাঙ্গা কেন্দ্রে ভোটদানে বাধা দেওয়ায় নৌকার ৩ সমর্থকে ৭ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন তাদের এ সাজা দেন।

দন্ডিতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে নজরুল ইসলাম, ইউসুফ আলীর ছেলে ইউনুস আলী ও হোসেন আলীর ছেলে নিয়ামত আলী।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন জানান, ভোটদানে বাধা সৃষ্টি করা ও সামনে জটলা তৈরি করার মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) দায়ার জনকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

দুই ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ-আগুন, ভোট বন্ধের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯

 

সিলেট নগরের পাঠানটুলা এলাকায় দুটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের পাশাপাশি সড়কে টায়ার ফেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা চালান শতাধিক ব্যক্তি। পরে পুলিশ এসে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পাশাপাশি অবস্থিত পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় ও পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১টার দিকে শতাধিক ব্যক্তি হঠাৎ লাঠিসোঁটা নিয়ে এসে কেন্দ্রে ঢোকার চেষ্টা চালান। এ সময় তাঁরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ককটেল বিস্ফোরণের পাশাপাশি টায়ারে আগুন জ্বালান।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, বিক্ষোভকারীরা ‘অবৈধ সরকারের অবৈধ ভোট, মানি না মানব না’ বলে স্লোগান দিচ্ছিলেন। তবে তাঁদের বেশিরভাগেরই মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আজবাহার আলী শেখ জানান, কেন্দ্র দখল করে ভোট নষ্টের চেষ্টা চালিয়েছিল একদল বিক্ষোভকারী। যদিও পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে। প্রাথমিকভাবে তারা বিএনপির কর্মী-সমর্থক বলে জানা গেছে বলেও জানান তিনি।

নিজ কেন্দ্রে ভোট দিলেন আসাদুজ্জামান নূর

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪৮ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪৮

নিজ কেন্দ্রে ভোট দিলেন আসাদুজ্জামান নূর

নিজ কেন্দ্রের উদয়ন বিদ্যাপীঠে সকাল সাড়ে ১০টায় ভোট দেন নীলফামারী ২ আসনের নৌকা প্রার্থী আসাদুজ্জামান নূর।  

ভোট প্রদান শেষে তিনি বলেন, ‘আমরা যেটা দেখছি জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছে। জনগণ এ দিনটির জন্য অপেক্ষায় ছিল৷ একটা সিলের মাধ্যমে তারা তাদের মতামত প্রকাশ করছে। এই যে মতামত প্রকাশের স্বাধীনতা জনগণ এটাকে লালন করে। এ লালনের মধ্য দিয়ে গণতন্ত্র বিকশিত হয়।’

এর আগে সকাল ৯ টার দিকে নীলফামারী আলিয়া(ফাজিল) মাদ্রাসা কেন্দ্র ভোট দিতে এসে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন সাংবাদিকদের তার আসনের বেশ কিছু কেন্দ্রে সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে জোরজবরদস্তি ভোট প্রদানের অভিযোগ করেন।

এ অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি এটুকু জোর দিয়ে বলতে পারি কোনো ধরনের জোরজবরদস্তি মূলক আচরণ মানুষ পছন্দ করে না। আমরা প্রত্যেক প্রার্থী এসব বিষয়ে অত্যন্ত সচেতন। আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীকে এভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এমন কোনো আচরণ আমরা করবো না, যা মানুষ পছন্দ করে না। যদি কোনো অভিযোগ থাকে নির্বাচনের বিধিমালা অনুযায়ী অভিযোগ করতে পারে।’

 

কিশোরগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ার নির্দেশ নৌকা সমর্থকদের

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪৬ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪৭

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনের একটি কেন্দ্রে একদল নৌকার সমর্থক ভোটারদের প্রকাশ্যে নৌকায় সিল মারার নির্দেশ দিয়েছেন। জানাজানি হলে পরে প্রিসাইডিং কর্মকর্তা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সকাল পৌনে ১০টার দিকে বাজিতপুর উপজেলার গাজীরচর সাদিরচর রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে নৌকার একদল সমর্থক এসে কেন্দ্রটির বিভিন্ন কক্ষে অবস্থান নেয়। পরে কেন্দ্রের নৌকার এজেন্টদের সঙ্গে তারা কথা বলেন। পৌনে ১০টার দিকে একযোগে সবকটি কক্ষে ভোটারদের প্রকাশ্যে নৌকায় সিল মারতে নির্দেশ দেন তাদের। এমন নির্দেশনা পেয়ে কিছু ভোটার সবার সামনেই নৌকায় সিল মারেন। এ নিয়ে কেন্দ্রে হট্টগোল শুরু হলে খবর পেয়ে প্রিসাইডিং কর্মকর্তা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট আক্কাস মিয়া বলেন, শুরুর এক ঘণ্টা ভোটের পরিবেশ ভালোই ছিল। এর পর থেকে নৌকার সমর্থকেরা কেন্দ্রের ভেতর-বাইরে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তারা কেন্দ্রের ভেতরে নানাভাবে ঈগলের এজেন্টদের ভয় দেখান। পরে সবার সামনে নৌকায় সিল মারতে বলেন।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান জানান, প্রকাশ্যে সিল মারতে বলা হয়েছে, এমন অভিযোগ পেলে তাতক্ষণিক প্রতিহত করা হয়।

হুইল চেয়ারে চড়ে ভোট দিতে এলেন রোজিনা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪১ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪১

দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ভরণ পাড়া গ্রামের বাসিন্দা চক্র তো প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার। রবিবার হুইল চেয়ারে চড়ে কেন্দ্রে এসে ভোট দেন তিনি।

রবিবার (০৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
রোজিনা আক্তার উপজেলার মারুকা ইউনিয়নের ভরনপাড়া গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে।

তিনি বলেন, এবারই প্রথম আমি ভোট দিতে এসেছি দেশের মানুষের জন্য। আমি আমার প্রতিবন্ধী কার্ডটি করতে যে ভোগান্তি পাইছি, যে পাস করবে তার নিকট আমার অনুরোধ, ভাতার কার্ড পেতে আমার মতো কেউ যেন ভোগান্তি পোহাতে না হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আরফাতুল আলম বলেন, পুরো দাউদকান্দিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

বান্দরবানের কেন্দ্রগুলোতে ধীরে ধীরে বাড়ছে ভোটার

বান্দরবান প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৭ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৭

বান্দরবানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার সংখ্যা। বেলা ১২টা পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নৌকা প্রতীকে এবং লামা উপজেলার মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পার্টির প্রার্থী এ টি এম শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

বান্দরবানে প্রতিবারের মত এবারও পুরুষের তুলনায় নারীর উপস্থিতি বেশি দেখা গেছে। সকাল থেকে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।

এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বান্দরবানে এক হাজার ৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিন জন ও সাধারণ কেন্দ্রে দুজন করে পুলিশ মোতায়েন রয়েছে। এর বাইরে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সও রয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, আমরা বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। এখানে ভোটাররা খুব সুন্দর পরিবেশে ভোট প্রদান করছে। এ ছাড়া প্রত্যেক প্রার্থীর এজেন্টরাও উপস্থিত আছে।

তিনি বলেন, ১৮২টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারের সাহায্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সেখানেও সুন্দরভাবে ভোটাররা ভোট প্রদান করছে। এ ছাড়া জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খুবই শান্তিপূর্ণভাবে এখানে ভোট গ্রহণ হচ্ছে।

বান্দরবান সরকারি কলেজে নতুন ভোট দিতে আসা কোহিনূর আক্তার জানান, খুব ভালো লাগছে। জীবনের প্রথম ভোট দিব। সুন্দর পরিবেশ। মারামারি নেই।

একই কেন্দ্রে ভোট দিতে আসা জামাল আহমেদ জানান, ভোট দিয়ে আসলাম। উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছি।

নির্বাচন অফিসের তথ্যমতে, জেলার সাতটি উপজেলায় দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন রয়েছে। বান্দরবান জেলার একমাত্র আসনে এবার ভোটার ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। তারমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৪৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৫৮৪ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮২টি। তারমধ্যে সাধারণ কেন্দ্র ৫১ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৩১টি। ১২টি দূর্গম কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে ব্যবহার হয়েছে হেলিকপ্টার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে নৌকা প্রতীকে বীর বাহাদুর উশৈসিং ও লাঙ্গল প্রতীকে এ টি এম শহীদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছে।

ভোট দিলেন মমতাজ, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৭ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৭

সকাল পোনে ১০টার দিকে সিংগাইরের জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীক প্রার্থী মমতাজ বেগম। এ সময় তার নাতনি মধু সঙ্গে ছিলেন।

ভোট শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

মমতাজ বলেন, ‘একজন প্রার্থী হিসেবে আমি এখানে দেখলাম এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে প্রশাসন, তারা খুব কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। আমার কাছে মনে হয় এই অবস্থায় সবাই যখন জানতে পারবে সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে, তখন সবাই আসবে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।’

জয়ের ব্যাপারে আশাবাদী মমতাজ বলেন, ‘আগেও বলেছি এবং এখনো বলছি, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। কারণ মানুষের কাছে খুব জনপ্রিয় মার্কা হচ্ছে নৌকা। আর মানুষ ব্যক্তি মমতাজ হিসেবেও আমাকে অনেক ভালোবাসে। মানুষের দ্বারে দ্বারে আমি গিয়েছি। ভোটের মাধ্যমে তারা নৌকা ও আমাকে বেছে নেবে। এখানে নৌকা মার্কা শতভাগ জয়ী হবে।’

উল্লেখ্য, ২০০৮ সালে ফোক সম্রাজ্ঞী মমতাজ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হন তিনি।

‘কার ভোট দিচ্ছি জানিনা’, কিশোরদের দিয়ে ভোট কাস্টের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৬ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৬

১৬ বছর বয়সী মোহাম্মদ রাসেল। বেড়ে উঠেছেন রাজধানীর ফকিরাপুলে। তিনি এখনও ভোটার না হলেও ঢাকা-৮ আসনে নৌকার পক্ষে কেন্দ্রে ভোট দিতে এসেছেন। তবে রানা নিজেও জানেন না কার ভোট দিতে এসেছেন।

আজ রবিবার ঢাকা-৮ আসনের ৯ নং ওয়ার্ডে ঢাকা জেলা ক্রিয়া সংস্থার ২০ নং কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানতে চাইলে রাসেল দেশ রূপান্তরকে বলেন, কার ভোট দিতে এসেছি জানিনা। তবে ভোটার নাম্বার ০৪৭৫ মোহাম্মদ আব্দুর রহমান।

তিনি আরও বলেন, মহল্লার নেতার সাথে সকালে এসেছি। যারাই আসছে সবাই একটা করে ভোট দিয়েছে। অনেকে দুইটা তিনটা ভোটও দিয়েছেন।

ঢাকা জেলা ক্রিয়া সংস্থার ২০ নং কেন্দ্রে মোট ভোটার প্রায় ২ হাজার ৪শ। দুপুর ১ পর্যন্ত এখানে ভোট পড়েছে ২১ শতাংশের একটু বেশি।

প্রকাশ্যে ভোটগ্রহণের অভিযোগ প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৪ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৪

প্রকাশ্যে ভোটগ্রহণের অভিযোগে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ ফরিদ সেখকে প্রত্যাহার করা হয়েছে।

আজ রবিবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তাকে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রির্টানিং অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন।

তিনি বলেন, রাজবাড়ী-২ আসনের কালুখালী উপজেলার হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদ সেখ।

আব্দুল্লা আল মামুন যোগ করেন, আমাদের কাছে অভিযোগ আসে ওই ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোটগ্রহণ করা হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাই। যে কারণে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে সহকারী প্রিজাইডিং অফিসার সুশান্ত কুমার রায়কে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

হবিগঞ্জে খা খা ভোটকেন্দ্রগুলো

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:২৯ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:২৯

ভোট কেন্দ্রগুলো খা খা করছে ভোটারের অনুপস্থিতিতে। বেলা সোয়া ১২টা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের উপস্থিতি খুবই কম। ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তা ও পুলিশ আনসার সদস্যরা অনেকটা আয়েশে  সময় কাটাচ্ছেন।

হবিগঞ্জ-২ (বানিয়াচঙ-আজমিরীগঞ্জ) আসনের ১০টি কেন্দ্রে ঘুরে দেখা গেছে একই রকম চিত্র। বেলা ১২টায় আজমিরীগঞ্জ উপজেলার মাধবপাশা সরকারি প্রাথমিক কেন্দ্রে গিয়ে জানা গেল ২০৮১ জন ভোটারের মধ্যে ১০৪ জন ভোট দিয়েছেন। বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৯১২ জন ভোটারের মধ্যে ৫৯৬টি ভোট পড়েছে। ভোটের হার ১১ দশমিক ৩৯ ভাগ।

সকাল ১১টায় বানিয়াচং উপজেলা সদরে বনমাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, বাইরে নৌকা ও ঈগল মার্কার সমর্থকরা দাঁড়িয়ে আছেন। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গৌতম সরকার জানান, সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত ছয়টি বুথে প্রায় দুইশ ভোটার ভোট প্রদান করেছেন। ওই কেন্দ্রে মোট ভোটার ২৮৫০ জন। 

আজমিরীগঞ্জ উপজেলার বং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, ২৩৪০ জনের মধ্যে  ভোট পড়েছে ১১৩টি। যশকেশরী কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ৪২ জন ভোট দিয়েছেন। ওই কেন্দ্রে মোট ভোটার ২২৬১ জন। কেন্দ্রগুলোতে বিরাজ করছে সুনশান নীরবতা। আনসার, পুলিশ সদস্যরা ভোটার দেখলেই সাদরে গ্রহণ করছেন। প্রিজাইডিং অফিসারদের সাথে আলাপে জানা গেছে, ভোটারদের মনে কোনো উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে না। তারা আশা করছেন বেলা বাড়ার সাথে হয়তো বাড়তে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার বাকি তিনটি আসনেও একই অবস্থা বিরাজ করছে। তবে চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলার চা বাগান কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষনীয়।

চৌধুরী নিক্সন

“এভাবে ভোট চলতে থাকলে তৃতীয়বারের মতো হ্যাটট্রিক করবো’

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:২৮ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:২৮

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

রোববার সকালে ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, সকালে এসে ভোটারদের উপস্থিতি যেমন দেখলাম, এভাবে তারা ভোট দিতে থাকলে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করবো।

তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আচরণ এখন পর্যন্ত নিরপেক্ষ রয়েছে। ভোটাররা এভাবে ভোট দিতে থাকলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এই আসনে নিক্সন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, মো. আনোয়ার হোসেন (জাতীয় পার্টি), মাকসুদ আহমেদ (তরিকত ফেডারেশন), মো. আলমগীর কবির (সুপ্রিম পার্টি), নাজমুন নাহার (বাংলাদেশ কংগ্রেস) ও প্রিন্স চৌধুরী (সোনালী আঁশ)।

উল্লেখ, নিক্সন বর্তমানে এই আসনের সংসদ সদস্য। গত দুই নির্বাচনে (২০১৪ ও ২০১৮) তিনি আনারস ও সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ওই দুইবার নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে হারিয়ে নির্বাচিত হন তিনি।

 

 

ভোটারের অপেক্ষায় ভোটগ্রহণ কর্মকর্তারা, সময় কাটছে গল্পগুজবে

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:২৭ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:২৭

রাজধানীর ঢাকা-১৫ আসনের এস ও এস হারম্যান মেইনার কলেজ কেন্দ্রে ভোটারের জন্য অপেক্ষা করছেন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলেই। কিন্তু ভোটারের দেখা মেলাই কষ্টকর হয়ে পড়েছে। অনেকক্ষণ পর একজন ভোটার এলেই যেন তাকে নিয়ে উৎসুক হয়ে পড়ছেন সবাই।

আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এই প্রতিষ্ঠানের দুটি নারী কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট গ্রহণকারী কর্মকর্তারা গল্প-গুজব করে সময় কাটাচ্ছেন। ভোটার না থাকায় অনেকেই হাঁটাহাঁটি করছেন। প্রতি কেন্দ্রের চারটি বুথের অবস্থা একই।

কেন্দ্র-৭ এর প্রিজাইডিং অফিসার দেশ রূপান্তরকে জানান, মোট ভোটার ২ হাজার ১২১ জন। ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫টি। আর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৪০টি।

কেন্দ্র-৮ এর প্রিজাইডিং অফিসার মো. রেজাউর রহমান জানান, মোট ভোটার ২ হাজার ১০৭ জন। ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৬৪টি। ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১১২টি।

ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার। এ ছাড়া আরো সাতজন প্রার্থী রয়েছেন এই আসনে।

ভোট দিতে পেরে খুশি পঙ্গু সুরেন সরকার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:২৪ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:২৪

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা ভোট কেন্দ্রে ভ্যানে এসে ভোট দিলেন ৭২ বছরের পঙ্গু ও বোবা সুরেন সরকার। দীর্ঘ ১৫ বছর পর শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজে দিতে পেরে তিনি খুবই খুশি।

তিনি ইশারায় বোঝান, দীর্ঘ দিন পর ভ্যানে করে ভোট কেন্দ্রে এসেছেন। একজন আনসার সদস্য ও একজন স্বেচ্ছাসেবক তাকে ধরে খুব যত্নের সাথে বুথের ভেতরে নিয়ে গেছেন। এরপর আমি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এতে কেউ বাধা দেয়নি। এমন কি তাকে কেউ ভোট দিতে বাধ্যও করেনি। এতে তিনি খুবই খুশি।

প্রিজাইডিং অফিসার আশিদুল ইসলাম বলেন, ভোট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোনো ধরনের সমস্যা এখনও হয়নি। আশা করি শান্তিপূর্ণভাবে এ কেন্দ্রে ভোট সম্পন্ন হবে।

রংপুর সদর ৩ আসনে প্রায় কেন্দ্রই ফাঁকা

তাজিদুল ইসলাম লাল, রংপুর
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১৯ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১৯

রংপুর সদর ৩ আসনের অধিকাংশ ভোট কেন্দ্র ফাঁকা দেখা গেছে। ভোটার উপস্থিতি খুবই কম। কেন্দ্রের বাইরে তেমন ভোট উৎসব দেখা যায়নি।

সরজমিন গিয়ে দেখা যায়, সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। ভোট শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। মাঝে মাঝে দু-একজন করে ভোট দিতে আসছেন ভোটাররা। তবে প্রায় কেন্দ্রেই ভোটার স্লিপ দেওয়ার মতো কাউকে দেখা যায়নি।

রংপুর হাই স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি নাই বললেই চলে। এই কেন্দ্রে মোট ভোটার ৭০৭ জন। 
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৭০৭টা। এর মধ্যে শতাধিক ভোট পরেছে। তবে সকালে ভোটার উপস্থিতি থেকে এখন ধীরে ধীরে ভোটাররা আসতে শুরু করেছে। একই পরিস্থিতি দেখা গেছে নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে।

উল্লেখ্য, রংপুর-৩ আসনে সংসদ সদস্য হতে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমঝোতার কারণে আওয়ামী লীগের প্রার্থী তুষার কান্তি মন্ডল প্রার্থিতা প্রত্যাহার করে নেন। জাপা চেয়ারম্যান ছাড়াও আসনটিতে যারা লড়ছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম ও ঈগল প্রতীক নিয়ে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে আনোয়ারা ইসলাম রানী।

রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র দুইজন। ১৭৫টি কেন্দ্রে এবং ১০১৬টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোটারের চাপ নেই, মুঠোফোনে ব্যস্ত পুলিশ

চট্টগ্রাম ব্যুরো
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১২ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১২

চট্টগ্রাম ৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের নাজিরপাড়া ভোটকেন্দ্রে দুপুর ১২ টায় ৫০ মিনিটে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রের ভেতরের পরিবেশ সুনসান।

এই কেন্দ্রের ৮ টি বুথে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও এজেন্টরা বসে আছেন। পুলিশ সদস্যদের কেউ কেউ কেন্দ্রে ভোটার নিয়ে আসতে লোকজনকে অনুরোধ করছেন। 

ভোটকেন্দ্রের ভেতরের মাঠে দেখা যায়, একটি বেঞ্চ নিয়ে বসে আছেন তিনজন পুলিশ সদস্য। তাদের দুজন মুঠোফোন দেখছেন।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল খালেক জানান, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ভোট পড়েছে ১৮ দশমিক ৪৮ শতাংশ।

চাচার ভোট দিতে এসে ভাতিজা আটক 

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১১ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চাচার ভোট জাল করে দিতে আসা এক যুবককে আটক করেছেন সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। ভোট শুরু হওয়ার প্রায় ১ ঘণ্টা উপজেলার পত্তন ইউনিয়নের ১৮৭নং ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোট কেন্দ্রে থাকা প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলী। 

আটক সাব্বির আহমেদ (২৫) পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আরব আলীর ছেলে। বর্তমানে আটককৃত যুবককে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের হেফাজতে রাখা হয়েছে।

নৌকায় ভোট দিয়ে ফেসবুকে ব্যালটের ছবি পোস্ট

নেত্রকোনা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১০ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১০

গোপন কক্ষে ভোট দিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগ পাওয়া গেছে নেত্রকোণা-১ আসনের এক ভোটার। ওই ছবিতে দেখা গেছে, নৌকায় ভোট দিয়েছেন তিনি। 

ছবিটি মো. আনোয়ার হোসেনের একটি ফেসবুকে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, আনোয়ার হোসেন জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। তিনি গোবিন্দশ্রী বইহাটি গ্রামের জয়বুদ্দিনের ছেলে।

আজ রবিবার সকালে ভোট দিয়ে ব্যলটের ছবি তুলে পোস্ট করেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, নৌকা। এর পাশে বিজয় চিহ্ন জুড়ে দেন তিনি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. মাইদুল ইসলাম খান মামুন বলেন, ভোট প্রদান করে ব্যালটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অন্যায়। এটার ছবি তোলাই নিষেধ।

সহকারী ট্রেনিং কর্মকর্তা ও ইউএনও মো. শাহ আলম মিয়াকে একাধিকবার ফোন করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নেত্রকোণা-৪ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও জাসদের মনোনীত প্রার্থী তারা। এ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।

তালাবদ্ধ কক্ষে বাঁধা স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট, অবশেষে উদ্ধার

০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০৮ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০৮

চট্টগ্রাম-১ আসনে মীরসরাইয়ের মিঠাছড়া কেন্দ্রের ঈগল প্রতীকের এজেন্টকে উঠিয়ে তালাবন্ধ কক্ষে বেঁধে রাখার অভিযোগ উঠেছে।

আজ রবিবার (০৭ জানুয়ারি) পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা‌ হয়েছে। এমন পরিস্থিতিতে প্রার্থী নিজে এসে পুলিশের সহযোগিতায় উদ্ধার করেছেন তাকে। এজেন্ট পরিচয়ে দিয়ে বলেন, তিনি (অব.) সৈনিক নাহিদ হোসেন।

মিঠাছড়া কেন্দ্রে ভোটের দিন সকালে ফর্ম জমা দেওয়ার পর দুজন অজ্ঞাত ব্যক্তি তাকে একটি রুমে নিয়ে বাইর থেকে তালা মেরে দেয়। সেই সাথে নিয়ে যায় তার মোবাইল ফোনও। এরপর অনেক চেষ্টার পর সবার নজরে আসেন তিনি।

দরজা লাগিয়ে ভেতরে প্রিজাইডিং অফিসার, পাশে ফাঁকা ব্যালট বাক্স

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০৭ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০৭

গাজীপুর-৫ আসনের খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পুরোপুরি ফাঁকা। বেলা সাড়ে ১২টার দিকে ওই ভোটকেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। পরে প্রিজাইডিং কর্মকর্তাকে খোঁজ করলে আনসার সদস্যরা একটি কক্ষে নিয়ে যান। যেখানে প্রিজাইডিং অফিসার মো. ফরিদ হোসেনকে ভোটকেন্দ্র থেকে একটু দূরে অন্য কক্ষে দেখা যায়।

এ সময় প্রিজাইডিং অফিসার বাইরে থেকে দরজা লাগিয়ে ভেতরে অবস্থান করতে দেখা যায়। তার পাশে ফাঁকা একটি ব্যালট বাক্স রাখা ছিল। কক্ষের বাহিরে আনসার সদস্যরা পাহারা দিচ্ছিলেন। তবে সেটি অতিরিক্ত ব্যালট বাক্স বলে জানান তিনি। ওই ব্যালটে কোনো ভোট রাখতেও দেখা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ভোটের সর্বশেষ পরিস্থিতি উপর মহলে পাঠানোর জন্য আসছি। কতটি ভোট পড়েছে এটার আপডেট দিতে হয় আমাদের।

ভোটকেন্দ্র ছেড়ে অন্য কক্ষে আসার বিষয়ে তিনি বলেন, আমি পাঁচ মিনিট হলো আসছি। এ কেন্দ্রে কোনো ধরনের সমস্যা নেই।

পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

অনলাইন ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০৫ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০৫

চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ রবিবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র ফুলকপি প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন আকবারশাহ থানার নুরিয়া মাদরাসার আশিক বড়ুয়ার ছেলে শান্ত বড়ুয়া (২৪) ও খুলশী থানার ঝাউতলার আরজু মিয়া কলোনির আমির হোসেনের ছেলে মো.জামাল (৩৫)।

গুলিবিদ্ধ দু'জনকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে সাংবাদিকদের জানান চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

জানা গেছে, জামাল ভাই ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে দু'পক্ষের সংঘর্ষে পড়ে গুলিবিদ্ধ হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মোহাম্মদ মঞ্জুর আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোখলেছুর রহমান জানান, সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ ফুলকপি মার্কা ও নৌকার সমর্থিতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দু'জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাজারীবাগে ককটেল বিস্ফোরণ, নারী-শিশুসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০৫ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০৫

রাজধানীর হাজারীবাগ বটতলা এলাকায় একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে নারী-শিশুসহ ৪ জন আহত হয়েছেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, আমির হোসেন (৬০), বাদল আহমেদ (৫০), তার ছেলে তানভির আহমেদ (৮) এবং মাকসুদা বেগম (৫০)।

আহত আমির হোসেন জানান, তাদের বাসা ভোট কেন্দ্রের পাশেই। ভোট দিয়ে তিনি কেন্দ্র থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে তার দুই পায়ে এসে আঘাত লাগে। তার ধারণা, রাস্তার পাশের কোনও একটি ভবনের ছাদ থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছে।

এদিকে আহত বাদল আহমেদ জানান, কেন্দ্রের সামনে দিয়ে ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। তখন রাস্তায় তাদের পাশেই বিস্ফোরণ হয়। এতে তার ছেলের ডান পায়ে জখম হয় আর তার নিজের থুতনিতে সামান্য যখন হয়।

আহত মাকসুদা বেগমের ভাষ্য, ভোট দিয়ে বের হয়ে বাসায় ফেরার সময় ওই বিস্ফোরণে আহত হন তিনি। তার বাম রানে আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদের জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

‘মনে কষ্ট নাই, মানুষের আমানত রক্ষার দায়িত্বে আছি’

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১২:৫৬ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৫৬

'গতকাইল ভোর ৬টায় আইছি। সকালের নাস্তা, দুপুর রাইতের খাওনডা ঠিকমতো খাইতে পারি নাই। সারারাইত বেঞ্চিতে শুয়ে মশার কামড় খাইছি। আইজ সারাদিন একই অবস্থা। নিজের ভোটটা দিতে পারতেছিনা। কষ্ট নাই। মানুষের আমানত (ভোট) রক্ষার দায়িত্বে আছি।'

যাত্রাবাড়ী শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এভাবেই নিজের আক্ষেপ ও কষ্টের কথা বলছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মো. শহীদ (৪২)। স্ত্রী ও চার ছেলেমেয়েকে নিয়ে তার সংসার। থাকেন ধলপুরে একটি ভাড়া বাসায়। কেন্দ্রের নিচে দেশ রূপান্তরের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, ধলপুরে একটি চায়ের দোকান চালান তিনি। যে আয় হয় তা দিয়ে কোনোরকম সংসার চলে। গত পাঁচ বছরে এ নিয়ে তিনটি নির্বাচনে (দুটি জাতীয় ও একটি সিটি করপোরেশন মেয়র নির্বাচন) দায়িত্ব পালন করছেন। কিন্তু যে কয়েক হাজার টাকা পান তার তুলনায় পরিশ্রম অনেক বেশি। নির্ঘুম থাকতে হয়। জীবনের ঝুঁকিও আছে। তিনি বলেন, 'আমার নিজের ভোট ধলপুরের একটি কেন্দ্রে। শেষ কবে ভোট দিছি মনে নাই। আইজকাও চিন্তা করছি নিজের ভোটটা দিতে যাই। কিন্তু মনে হইলো আমিতো আরেকজনের আমানত রক্ষা করতে আইছি। এবারও ভোটটা দেওয়া হইলোনা।'

তার পাশে থাকা মো. বিজয় (১৮) নির্বাচনী দায়িত্ব পালন করছেন রাতদিন। তিনিও পরিবারের সঙ্গে থাকেন ধলপুরে। পারিবারিক অস্বচ্ছলতায় এই বয়সেই এমন দায়িত্বে আসতে হয়েছে। রাজধানীর কবি নজরুল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বিজয়ের একই সঙ্গে আনন্দ আর কষ্ট। আনন্দ আর উত্তেজনার উপলক্ষ হলো নির্বাচনের মতো এমন দিনে তিনি দায়িত্ব পালন করছেন। অন্য নির্ঘুম রাত আর অর্ধাহারে থাকার কষ্ট। তিনি বলেন, 'বাবা-মায়ের স্বপ্ন আমি একদিন বড় অফিসার হব। নির্বাচনে অনেক অফিসার দেখছি। আমিও এই অফিসারদের মতো হতে চাই‌। সেজন্য এই কঠিন দায়িত্বে আসছি।'

উৎসবের আমেজে ভোট চলছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১২:৫৩ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৫৩

ঢাকাসহ সারাদেশে উৎসবের আমেজে ভোট চলছে। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ রোববার বেলা সাড়ে ১১ টায় পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ভোটারদের নাগরিক দায়িত্ব ভোটাধিকার প্রয়োগ করা। ভোটাররা তাদের নাগরিক দায়িত্ব ভোটদানে উন্মুখে আছেন। আজ তারা উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে সারাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত আমরা সারাদেশ থেকে খবর পেয়েছি সব জায়গাতে ভোটারদের উপস্থিতি আছে। শান্তিপূর্ণভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন।

পুলিশ মহাপরিদর্শক মামুন বলেন, ভোট প্রদান করা নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার প্রয়োগে যারা বাধা দেবে, যারা নাশকতা করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, নির্বাচন উপলক্ষে আমরা নিরাপত্তা ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করেছি। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তীতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখার জন্য কাজ করছে। যেকোনো নাশকতা বা সন্ত্রাসী কর্মকান্ড পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। আমাদের সক্ষমতা রয়েছে।

আমরা দেশবাসীকে আশ্বস্ত ও নিশ্চয়তা দিতে চাই৷ এখনো যারা ভোটকেন্দ্রে আসেননি আপনারা ভোটকেন্দ্রে আসেন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।

ভোটকেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দাবি করে আইজিপি বলেন, আমরা সারাদেশে ভোটকেন্দ্রে ভোটারদের পর্যাপ্ত উপস্থিতির খবর পাচ্ছি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এই নিশ্চয়তা আমরা দিচ্ছি।  যদি কোন ভোটার বাধার সম্মুখীন হন বা কোন নাশকতার খবর পান নিকটস্থ পুলিশ স্টেশনের খবর দেন অথবা ৯৯৯ এ খবর দিন। আমাদের বিভিন্ন টিম আপনাদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

রাজধানীতে কয়টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে জানতে চাইলে বলেন, আমরা গুরুত্বপূর্ণ ও সাধারণ দুইভাগে কেন্দ্র ভাগ করেছি। কিছু গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। তবে সব জায়গাতেই পরিবেশ স্বাভাবিক রয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীর মিরপুর পল্লবীতে ভোটকেন্দ্রের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতো নিরাপত্তা শৃঙ্খলার মধ্যে কিভাবে ভোটকেন্দ্রের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো জানতে চাইলে আইজিপি বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা।

বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন রাতের বেলায় নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে আইজিপি বলেন, ব্যালট পেপার আজ সকালের ভোট কেন্দ্রে গেছে‌। আপনাদের সামনেই গেছে। এটা তো আপনারাই ভালো বলতে পারবেন, ভোট কেন্দ্রে ব্যালট কখন গেলো। যে কেউ এই অভিযোগকে ভিত্তিহীন বলবেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার(অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, মহানগর ডিবি প্রধান হারুন অর রশীদসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

৪ ঘণ্টায় ১৩০০ ভোট, বাইরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৫ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৫

গাজীপুর-৫ আসনের মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার ঘণ্টায় ১৩০০ ভোট গ্রহণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩২৬জন। মোট ৬ টি বুথে ভোটগ্রহণ চলছে।

এদিকে সকাল ৯টার দিকে নৌকা প্রার্থী মেহের আফরোজ চুমকির সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার চার সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাদেরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. মাসুম মিয়া দেশ রূপান্তরকে বলেন, সকাল ৯টার দিকে নৌকার সমর্থকরা ভোটারদের জোরপূর্বক নৌকায় ভোট দিতে বাধ্য করার চেষ্টা করে। এসময় আমরা প্রতিবাদ করি। তখন নৌকার সমর্থকরা বহিরাগতদের নিয়ে আমাদের উপর হামলা করে। আমিসহ চারজন আহত হয়েছি।

তখন থেকে ভোট কেন্দ্রের বাহিরে দুই পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ভোটকেন্দ্রের দুই পাশে তারা অবস্থান নিয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশকে কঠোর অবস্থানে দেখা গেছে।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে বলেন, বাইরে ঝামেলা হলেও হতে পারে। তবে ভোটকেন্দ্রের ভেতরে পরিবেশ শান্ত আছে।

ভোটের লাইনে ১৪ বছরের কিশোর আলবিন

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৪

নারায়ণগঞ্জ-১ আসনে ভোট কেন্দ্রে ভোটারদের লাইনে ১৪ বছর বসয়ী আলবিন নামে কিশোরকে দাঁড়াতে দেখা গেছে। রবিবার ভোটের দিন দুপুর ১২টার দিকে উপজেলার ৮৮ নম্বর মাহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এসময় ভোট কেন্দ্রে দাঁড়ানোর কারণ জিজ্ঞাসা করা হলে আলবিন বলেন, আমি ভোট দিতে লাইনে দাঁড়িয়েছি। 'তোমার তো বয়স হয়নি তুমি কিভাবে ভোট দিচ্ছ' প্রশ্ন করার পর নেতাকর্মীরা তাকে ভোটের লাইন থেকে বের করে দেন।

এ ব্যাপারে মাহনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পল্লব বালা বলেন, কোনো কিশোর হয়তো মজা করে লাইনে দাঁড়িয়েছে। বিষয়টি আমার চোখে পড়েনি।

খুলনায় ভোটকেন্দ্র ফাঁকা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৩ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৩

খুলনায় অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায়নি। ভোটারদের উপস্থিতি ছিল একদমই হাতে গোনা। ভোটও পড়েছে কম। যা পড়েছে তারমধ্যে নারী ভোট বেশি। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত খুলনা-২, ৩, ৪ ও ৫ আসন ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে প্রিজাইডিং অফিসাররা বলছেন, দুপুরের পর হয়তো ভোটারের উপস্থিতি বাড়বে।

সকাল সোয়া ১০টা পর্যন্ত খুলনা-৪ আসনের তেরখাদা উপজেলার মধুপুর শ্যামনগর সরকারি মাধ্যমিক কেন্দ্রের পাঁচটি বুথে ভোট পড়েছে ১৯২টি। এ কেন্দ্রের ভোট সংখ্যা ২ হাজার ৪৫৭টি। 

দিঘলিয়া উপজেলার কেটলা হাজী ছায়েমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ২৬৮টি। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুঘণ্টায় এ কেন্দ্রে ভোট পড়েছে ৩১৭টি।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আরিফুর রহমান জানান, ভোট পড়ার শতকরা হার ১৩ দশমিক ৯৮ শতাংশ। তিনি বলেন, খুলনা-৪ আসনটি কৃষি প্রধান এলাকা। অধিকাংশ ভোটারই কৃষক। সকালের দিকে ভোটাররা মাঠে কৃষি কাজে ব্যস্ত রয়েছেন। দুপুরের পর ভোটের সংখ্যা বাড়বে।

খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) ডুমুরিয়া উপজেলার গোলনা সরকারি প্রাথমিক ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে আধা ঘণ্টায় ২ হাজার ৩৪৯ ভোটারের মধ্যে ভোট পড়েছে ২০টি। এ পর্যন্ত ভোট কেন্দ্রের সামনে ভোটারদের লাইন দেখা যায়নি। 

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দিলীপ কুমার কুণ্ডু জানান, শীতের সকাল, সে কারণে উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে।

সকাল ৮টা ১০ মিনিটে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের বয়রা হাজী ফয়েজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মাত্র ৭টি ভোট পড়েছে। এ কেন্দ্রের ভোট সংখ্যা ২ হাজার ৬৭১জন। 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসরার মো. জামাল হোসেন বলেন, কেবল ভোট শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা কেন্দ্রের দিকে আসবে।

খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনের রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্র। এ বিদ্যালয়ের ৮৯ নম্বর কেন্দ্র নারী ভোটারদের জন্য। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৭৪২জন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাঈম হাসান বলেন, সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ভোট পড়েছে ২৫টি।

একই স্কুলের ৯০ নম্বর কেন্দ্রটি পুরুষ ভোটারদের জন্য নির্ধারিত। সকাল সাড়ে ৮টা পর্যন্ত আধাঘণ্টায় ভোটে পড়েছে মাত্র ৬টি। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সৈয়দ ইনসানউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

পটিয়ায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৯ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৯

চট্টগ্রামের পটিয়ায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যাক্তি ওসমান আলমদার একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

জানা যায়, ওসমান স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থক ও  ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ৷ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ছনহরা চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ওসমানকে পুলিশ গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে ছনহরায় নৌকার অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে৷।

পটিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে কেন্দ্রে ভোটার কম, বাইরে ভিড়

০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৯ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৯

চট্টগ্রাম বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নেই। বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের মোটামুটি উপস্থিতি দেখা গেলেও বয়স্ক লোকজনের উপস্থিতি একেবারে কম। নগরীর কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

আজ রবিবার সকাল ৯টায় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের কোনও লাইন নেই। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার চট্টগ্রাম কলেজের শিক্ষক ফয়সাল মো. মঈনুল কাদের দেশ রূপান্তরকে বলেন, ভোট শুরুর প্রথম এক ঘণ্টায় ৬টি বুথ মিলে ৫২ জন ভোটার ভোট দিয়েছেন। কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ২৫৫ জন।

সকাল ১০টায় চান্দগাঁও থানাধীন চর রাঙ্গামাটিয়া স্কুল কেন্দ্রের বাইরে ফুলকপি ও কেটলি প্রতীকের কর্মীদের ভিড় দেখা গেলেও ভেতরে ছিল ফাঁকা। কেন্দ্রটিতে সকাল ১০টা পর্যন্ত ২৮৯টি ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার শোয়েব মো. বাবর। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৭৪।

চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালামকে এ সময় ওই কেন্দ্র থেকে বের হতে দেখা যায়। এ প্রতিবেদককে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে। বেলা বাড়লে ভোটারও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

চট্টগ্রাম-১১ আসনের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩ নম্বর বুথে ৩১৪ জন ভোটারের মধ্যে বেলা ১২টা পর্যন্ত মাত্র ৬টি ভোট পড়ে।  তবে একই সময়ের মধ্যে কেন্দ্রের ৪ নম্বর বুথে ২২০ জন ভোট দিয়েছেন বলে জানান প্রিজাইডিং অফিসার সাইফুর রহমান চৌধুরী।

এদিকে সকালে চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় বিএনপি কর্মীরা লোকজনকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সকাল ১১টার দিকে পাহাড়তলী কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সরে দাঁড়ালেন লিটন

যশোর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৪ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৪

নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার, অনিয়ম ও ৫৫টি কেন্দ্র দখলের অভিযোগে এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। বেলা ১১টায় নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার  ৯ এজেন্টকে মারপিট করা হয়েছে। অধিকাংশ কেন্দ্রের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটার ও কর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ৫৫টি কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওরা প্রমাণিত করছে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। হয়তো ১০ শতাংশ ভোট পড়বে। কিন্তু তারা ৫০ শতাংশ ভোট দেখানোর প্রক্রিয়া চালাচ্ছে। সে কারণে এমন প্রহসনের নির্বাচন থেকে আমি সরে দাঁড়াচ্ছি।

হারি আর জিতি, কাল এলাকায় শোডাউন দেব: মাহি 

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩২ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৫

‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি ইনশাআল্লাহ কালকে (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব, আমি তাদের সঙ্গে আছি। ভোটগ্রহণকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ চলছে। প্রশাসন খুবই অ্যাকটিভ। সুন্দর করে সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে।’— সোমবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তানোর উপজেলার মুণ্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহি আসনটি থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।

মাহিয়া মাহি বলেন, এটা আমার প্রথম নির্বাচন। আপনারা সবাই জানেন, অন্যদের মতো আমি একদম পুরোদস্তুর রাজনীতিবিদ না। অনেকেই আমার বয়সের আগে থেকে রাজনীতির সাথে যুক্ত। তাদের কার্যক্রম যতটা মসৃণ হবে, সেখানে আমার তো একটু ঘাটতি থাকবেই। তবে ওভারঅল সবকিছু ভালোই আছে।

জয়ের বিষয়ে এই নায়িকা বলেন, পাশ করি, আর ফেল করি এখন এটা আমার কাছে বড় বিষয় না। তবে আমি মানুষের এত কাছাকাছি গিয়েছি, এত বয়স্ক মানুষের দোয়া পেয়েছি যা বলার মতো না। প্রত্যন্ত  অঞ্চলে গিয়েছি এবং অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষের কষ্টের কথাগুলো শুনেছি। এর থেকে অনেক কিছু শেখার আছে। তাদের জন্য আমার অনেক করণীয় আছে। আমি যদি সুপ্রিম পাওয়ার পাই, তাহলে বৃহৎ পরিসরে তাদের সহযোগিতা করতে পারব। আর না পেলেও আমি ব্যক্তিগত উদ্যোগে তাদের সহযোগিতা করবো।

সবশেষে তিনি বলেন, প্রশাসনের কাছে প্রত্যাশা শুধু ভোটগ্রহণ সুষ্ঠু নয়, পুরো প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কেউ কোনো ধরনের হট্টগোল করলে যেন ছাড় না দেয়। আমি শুনেছি, ভোট হতে হতে ৩টা থেকে ৪টার দিকে বিভিন্ন ভেজাল  (বিশৃঙ্খলা) দেখা দেয়। এই রকম কেউ যাতে করতে না পারে, এটার জন্য প্রশাসন শক্ত অবস্থানে থাকবে এটা প্রত্যাশা করি।

নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ, আহত ৪ 

০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩২ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩২

ভোটারদের নানাভাবে প্রভাবিত করছে নৌকার প্রার্থীর সমর্থকেরা। তাদের অনেকেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করে নৌকায় ভোট দিতে বাধ্য করছেন। এমন অভিযোগ স্বতন্ত্র প্রাথীর অনুসারীদের। তারা বলছেন, নৌকায় ভোট দিতে সবাইকে বাধ্য করছে। ভোট না দিলে অনেককেই হুমকি দিচ্ছে। এমন ঘটনার প্রতিবাদ করায় হামলা করা হয়েছে তাদের উপর। 

রবিবার (৭ জানুয়ারি) গাজীপুরের কালীগঞ্জের মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন অভিযোগ পাওয়া গেছে। সেখানে বেলা নয়টা থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

বেলা এগারোটায় কথা হয় দাওয়াপাড়া গ্রামের মো, মাসুমের সাথে। তিনি ট্রাক মার্কার আখতারুজ্জামানের সমর্থক। মাসুম অভিযোগ করে দেশ রূপান্তরকে বলেন, তারা আমাদেরকে এখান থেকে সরে যেতে বলে, অন্যদিকে আমাদের লোকজনকেই নৌকায় ভোট দিতে বাধ্য করে। এজন্য আমরা প্রতিবাদ করা আমাদের উপর আমলা করা হয়েছে। আমার মাথায় আঘাত করেছে। ফেটে গেছে। 

এ বিষয়ে কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য আহাম্মদুল কবীর দেশ রূপান্তরকে বলেন, আমাদের ৪ জনকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। তাদের তিনজন এখনও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তারা আমাদেরকে এখানে থাকতেই দেবে না। বাইরের লোক ভাড়া করে আমাদের উপর হামলা করেছে। আমরা এসব অভিযোগ প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

জানতে চাইলে মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে বলেন, কেন্দ্রের ভেতরে কোনো ঝামেলা হয়নি। বাইরে বাকবিতণ্ডা হয়েছে শুনেছি।
 
জানতে চাইলে দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর বলেন, আমরা এখানে এসে কোনো সংঘর্ষ কিংবা ঝামেলা দেখতে পাইনি তবে শুনেছি। এখন পরিস্থিতি ঠি আছে। আমরা দুই প্রার্থীর সমর্থকদের সরিয়ে দিয়েছি।

যশোরে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্য আহত

যশোর প্রতিনিধি 
০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩০ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩০

যশোর-৩ আসনের একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কেন্দ্রে দায়িত্বর আনসার সদস্য মারুফ হোসেন (১৯) আহত হয়েছেন। ভোটের আগের দিন রাত থেকে যশোর সদর-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুর রহিম জানান, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে পাশ থেকে ছুড়ে মারা একটি ককটেল ভবনের দুইতলায় বিস্ফারিত হয়। এ সময় সেখানে কর্তব্যরত আনসারের এপিসি মারুফ হোসেন আহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।

এছাড়া যশোর-৫ আসনে মনিরামপুরের হেলাঞ্চিতে কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর সমর্থক মশিউর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের কর্মীরা তার কর্মীর ওপর হামলা করে মারাত্মক জখম করেছে। 

এসব বিষয়ে জানতে যশোরের পুলিশের মুখপাত্র পুলিশ সুপার বেলাল হোসাইন ও কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাককে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাড়া পাওয়া যায়নি।

যশোরের ৬ আসনের ২৩ লাখ ৩৯ হাজার ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১১ লাখ ৭৬ হাজার ১০৫ জন, নারী ১১ লাখ ৬২ হাজার ৯৩৫ জন ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ১৫ জন।

এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্নে জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৬ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে পুলিশ, আনসার, বিজিবি, সেনা সদস্য, ম্যাজিস্ট্রেটসহ গোয়েন্দা বাহিনীর সদস্যরা রয়েছেন।

নারী ভোটারদের দিয়ে কারচুপির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৮ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের অধিকাংশ কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। নির্বাচনে নৌকার পক্ষে এই সকল নারী ভোটারদের দিয়ে কারচুপির অভিযোগ করেছে প্রতিপক্ষের লোকেরা।

এছাড়াও, কৃত্রিম উপায়ে ভোট স্লো করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে ভোট গ্রহন গতি অনেকটাই ধীর হয়ে পড়েছে। অনেক কেন্দ্রে লাইনের সামনের দিকে থাকা ভোটারদের ভোট গ্রহণ শেষ হতে প্রায় ঘণ্টা খানেক সময় লেগে যায়। নারী ভোটারদের দিয়ে নৌকার ব্যালটে সীল মারানোর অভিযোগ উঠেছে।

রবিবার (৭ জানুয়ারি) রূপগঞ্জের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, অনেক কেন্দ্রে নারী ভোটারদের লাইনের শেষটা কেন্দ্রের বাইরে চলে গেছে। এদিকে নারী ভোটারদের দিয়ে নৌকার ব্যালটে সীল মারানোর অভিযোগ উঠেছে। কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মহিলাদের ১নং বুথে দুইজন নারী ভোটারকে একসাথে সিল মারতে দেখা গেছে। এই বুথে নৌকার এজেন্ট ছাড়া আর কোন প্রার্থীর এজেন্ট ছিল না।

রূপগঞ্জের চনপাড়ায় আল আমীন মডেল একাডেমি কেন্দ্রে পুরুষ ভোটারের দেখা নেই। কিন্তু সেই তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। যদিও মহিলাদের লাইনে ভোট দেয়ার ধীর গতি লক্ষ্য করা গেছে।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো মাসুদ রানা বলেন, এ কেন্দ্রে সোনালী আশ মার্কার এজেন্ট ব্যতীত বাকি সকল প্রার্থীর কমবেশি এজেন্ট আছে। এর মধ্যে কেটলির দুইজন এজেন্ট আছে। দুপুর বারোটা পর্যন্ত এই ভোটকেন্দ্রে ১৩১৬ টি ভোট পড়েছে। এর মধ্যে নারীদের ভোট পড়েছে ৭০১ টি এবং পুরুষদের ভোট পড়েছে ৬১৫ টি। এই কেন্দ্রে সর্বমোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৮৯ জন।

যদিও এই কেন্দ্রে নারী ভোটার ছাড়া তেমন একটা পুরুষ ভোটার দেখা না গেলেও দুপুর ১২ টা পর্যন্ত এত বেশি সংখ্যক পুরুষ ভোটার ভোট দেয়াকে অস্বাভাবিক মনে করছে অন্যান্য প্রার্থীর এজেন্টরা।

প্রকাশ্যে নিজের ভোট দিলেন ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৭ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৯

গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে নিজের ভোট দিলেন জামালপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তার সাথে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতাকর্মীসহ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। এরপর নেতাকর্মীরা তাকে ব্যালট পেপার দেন। তিনি কালো কাপড়ে ঘেরা গোপন কক্ষে না গিয়ে ব্যালট বাক্সের পাশে ব্যালট পেপার রেখে নৌকা প্রতীকে ভোট দেন। এরপর তিনি ব্যালট পেপার ভাজ করে ব্যালট বাক্সে ফেলেন।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে বার বার ফোন দেয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি। সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার শাহীনুর রহমান বলেন, ধর্ম প্রতিমন্ত্রী এই কেন্দ্রের ভোটার। তিনি সকাল ৯টার দিকে ভোট দিতে আসেন। তার সাথে দলীয় নেতাকর্মীরা ছিলেন। আমিও সেখানে ছিলাম। তিনি প্রকাশ্যে ভোট দেননি। তিনি ব্যালট বাক্সের পাশে ব্যালট রেখে সিল দিয়েছেন।

এমন কাজ নির্বাচন আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে কিনা এমন প্রশ্নের জবাব দিতে এড়িয়ে যান প্রিজাইডিং অফিসার শাহীনুর রহমান।

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সহকারী রিটার্নিং অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, ভোট দেয়ার জন্য গোপন কক্ষ রয়েছে। একজন ভোটার প্রকাশ্যে ভোট দিতে পারেন না। এটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।

ঘণ্টায় ভোট পড়ছে ৫টি

০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৬ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৬

রাজধানীর মগবাজার নজরুল শিক্ষালয় ভোট কেন্দ্র ফাঁকা। আজ বেলা ১১টায় ভোট কেন্দ্রে কোনো ভোটারের উপস্থিতি লক্ষ করা যায়নি। এ কেন্দ্রের ৩টি বুথে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৩১টি। প্রতি বুথে ঘণ্টায় ভোট পড়ে ৫টি করে।

প্রিজাইডিং অফিসার মো. হাসিবুর রহমান বলেন, ভোট কেন্দ্রের নম্বর ১০২। এটি মহিলা ভোটকেন্দ্র। এখানে মোট ভোটার ২৭৬৫ জন। এ ভোট কেন্দ্রের ৩টি বুথে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৩১টি। তিনি বলেন, সুন্দর ও সুস্থ পরিবেশে ভোট হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে।

একই চিত্র দেখা গেছে মগবাজার বিটিসিএল স্কুল এন্ড কলেজের ভোটকেন্দ্র। সেখানে ৪টি ভোট কেন্দ্র রয়েছে। সেখানকার ১৪০ নম্বর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মেহেদী হাসান জানান, তার ভোট কেন্দ্রে মোট ভোটার ২২৭৯। এ ভোট কেন্দ্রের ৬টি বুথে সকাল ১০টা পর্যন্ত ৭০টি ভোট পড়েছে। দুই ঘণ্টায় প্রতি বুথে ভোট পড়ে ১২টি করে।

মগবাজার শেরেবাংলা স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভেতরে অনেকটাই ফাঁকা, তবে বাইরে অনেক ভিড়। একই চিত্র দেখা যায় মগবাজার শাহিনুর স্কুল কেন্দ্রে। সেখানকার ১০৭ নম্বর কেন্দ্রে প্রিজাইডিং অফিসার খন্দকার মনিরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, তার কেন্দ্রে মোট ভোটার ২৫৮৪ জন। সকাল ১০টা পর্যন্ত ৬টি বুথে ভোট পড়েছে ৬৮টি। এই কেন্দ্রে প্রতিটি বুথে দুই ঘণ্টায় ভোট পড়েছে ১২টির কম।

‘আমরা অবহেলার পাত্র, পরিবর্তন চাই’

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১২:২১ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৪৫

সমাজে আমরা অবহেলার পাত্র, আমাদের ভিন্ন দৃষ্টিতে দেখা হয়। তাই আমাদের অবস্থার পরিবর্তন যে প্রার্থী করতে পারবে তাকেই ভোট দিয়েছি আমরা। কর্মসংস্থান না হওয়ার কারণে আমাদের বিভিন্ন কাজ করতে হয়। যা নিজেদের কাছেই খারাপ লাগে।

রবিবার (৭ জানুয়ারি) গাজীপুর-৫ আসনের বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে এসব কথা বলেছেন তৃতীয় লিঙ্গের নির্জন কস্তা ও শোভন রোজারিও। 

চলমান রাজনৈতিক সংকট বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমরা এ বিষয়ে কথা বলতে চাই না। কেননা এসব বিষয়ে বললে আমাদের সমস্যা হবে। এমনি আমরা বিপদে থাকি।

গাজীপুর ৫ আসনে ৮জন প্রার্থী লড়াই করছেন। তারা হলেন- নৌকার প্রার্থী মেহের আফরোজ শাওন, জাতীয় পার্টি নিয়াজ উদ্দীন, জাসদের মশাল মিছিলে মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আল আমিন দেওয়ান, উদীয়মান সূর্য্য প্রতীকে  গণফোরাম সোহেল মিয়া, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির উর্মি, ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী আখতারুউজ্জামান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন।

ঢাকা-১৮: অনেক প্রার্থীর এজেন্ট নেই

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪, ১২:২০ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:২০

ঢাকা-১৮ আসনে ভোটগ্রহণ শুরু হলে ভোটার উপস্থিতি অনেক কম। তবে কেন্দ্রের বাহিরের জটলা বেশি। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরার বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে এসব দৃশ্য।

সকাল সাড়ে ১১টায় উত্তরা-১১ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুল এন্ড কলেজে গিয়ে দেখা গেছে ১০ হাজার ভোটারের মধ্য মাত্র ৩ শতাংশ ভোট পড়েছে। ভোটার উপস্থিতি কম থাকায় প্রার্থীদের এজেন্ট অলস সময় পার করছেন। কেউ কেউ ঘুমাচ্ছেন। এই কেন্দ্রের ৫ম তলায় বেশিরভাগ কক্ষের লাইনে ভোটার নেই বললেই চলে। এমনকি ৫ নম্বর কক্ষে দেখা গেছে একজন এজেন্ট ও সহকারী প্রিজাইডিং অফিসার ঘুমাচ্ছেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সেলিম আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ভোটার উপস্থিতি কম। তবে আশাবাদি বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাডবে।

আনসার সদস্য মারুফ আহমেদ জানান, ভোটার একদম কম। বাহিরের লোকজন বেশি আছে।

এদিকে, রাজধানীর খিলক্ষেতের পর এবার উত্তরখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন বলেন, 'কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটেনি।'