বন্ধুতালিকায় থাকা কেউ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে ছবি পোস্ট করলে অথবা ভোট দিয়ে এসে জানালে আনফ্রেন্ড করার ঘোষণা দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় গীতিকবি ও ঔপন্যাসিক লতিফুল ইসলাম শিবলী। রবিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন।
শিবলী লেখেন, ‘আমার ফ্রেন্ড লিস্টের যারা আজ ভোট দিয়ে ছবি দেবে অথবা ভোট দিয়ে এসে জানাবে তাদের আনফ্রেন্ড করব। অথবা এই স্ট্যাটাস দেখার সঙ্গে সঙ্গে নিজ দায়িত্বে কাজটা করে নিলে আমার জন্য সুবিধা হয়।’
বর্তমানে দেশের জনপ্রিয় ঔপন্যাসিকদের একজন শিবলী। তার লেখা বেশ কিছু উপন্যাস স্থান পেয়েছে বেস্টসেলার তালিকায়। তবে একসময় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবি, ফিলিংস, সোলস, মাইলসের জন্য দুই হাত ভরে লিখেছেন তিনি।
তার লেখা গান জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘কেউ সুখী নয়’, ‘জেল থেকে বলছি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’ ইত্যাদি।
