শহীদ সপ্তম, শাহাব উদ্দিন পঞ্চম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:৩৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসন থেকে টানা সপ্তম বারের মতো নৌকার প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে টানা পঞ্চম বারের মতো নৌকার প্রার্থী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

রবিবার (০৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বিজয়ীদের মধ্যে তাদের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

ফলাফলে দেখা যায়, আব্দুস শহীদ ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আব্দুল মুহিত হাসানী মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৯০। আরেক প্রার্থী বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন মিনার প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৬৮ ভোট।

ওদিকে, শাহাব উদ্দিন ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট। অবশ্য আহমদ রিয়াজ উদ্দিন ভোটের আগের দিন শনিবার নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট ও তৃণমূল বিএনপির আনোয়ার হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৩৭ ভোট।

জানা যায়, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ ১৯৯১ সাল থেকে একটানা এ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

শাহাব উদ্দিন ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে টানা পঞ্চম বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দশম জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত