এবার আরব সাগরে পাকিস্তানের যুদ্ধ জাহাজ মোতায়েন

  • সম্প্রতি আরব সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা বৃদ্ধির পর এ পদক্ষেপ নিলো পাকিস্তান
  • পাকিস্তানি এবং আন্তর্জাতিক জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যেই জাহাজ মোতায়েন করা হয়েছে
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৪২ পিএম

সাম্প্রতিক সামুদ্রিক নিরাপত্তা ঘটনার পরিপ্রেক্ষিতে এবার আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। নিজ অঞ্চলে পাকিস্তানি এবং আন্তর্জাতিক জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যেই জাহাজ মোতায়েন করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানি নৌবাহিনীর মুখপাত্র। খবর দ্য ডন।

সম্প্রতি আরব সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা বৃদ্ধির পর এ পদক্ষেপ নিলো দেশটি।

বিবৃতিতে পাকিস্তান নৌবাহিনী জানায় যে, "আরব সাগরে চলাচলকারী পাকিস্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসব যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। তাছাড়া পাকিস্তানের আওতাধীন স্থানগুলোতে আকাশ থেকেও লাগাতার নজরদারি চালানো হচ্ছে।"

পাকিস্তানি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, দুই থেকে তিনটি যুদ্ধজাহাজ পাকিস্তান অভিমুখে চলাচলকারীসহ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের রুট ও তৎসংলগ্ন এলাকায় নিয়মিত টহল দেবে।

আরও বলা হয় যে, ‘পাকিস্তানের সামুদ্রিক এলাকার মধ্য দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আকাশসীমাতেও নজরদারিও বাড়ানো হয়েছে।

সি লাইনস অব কমিউনিকেশন রুটগুলো আন্তর্জাতিক বাণিজ্য, পণ্য পরিবহন ও নৌযান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত মাসে ভারতীয় উপকূলের কাছে একটি ড্রোন হামলাসহ সম্প্রতি বেশ কয়েকটি জাহাজে হামলার পর ভারতের নৌবাহিনী আরব সাগরে প্রতিরোধমূলক উপস্থিতি বজায় রাখতে তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করে। এরপরই এই সিদ্ধান্ত নিল পাকিস্তান।

শুরু থেকেই এসব হামলার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লোহিত সাগরে পাকিস্তানগামী পণ্যবাহী জাহাজেও ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ড্রোন দিয়ে ইসরায়েলের হামলা চালানোর সময় ওই জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত