গোপনে হাসপাতালে ভর্তি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, জানতেন না বাইডেন!

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম

৭০ বছর বয়সী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সপ্তাহব্যাপী হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু এ বিষয়ে জানত না হোয়াইট হাউস এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। প্রোটোকল লঙ্ঘনের এই ঘটনা এমন সময়ে হলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সংকটে জড়িয়ে পড়েছে।

সম্প্রতি এক বিবৃতিতে এমন গোপনীয়তার জন্য দায় স্বীকার করেছেন লয়েড অস্টিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অস্টিনকে ইংরেজি নববর্ষের দিন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসা পদ্ধতির জটিলতার জন্য এই তথ্য জানতে পেন্টাগনকে অপেক্ষা করতে হয়েছে।

সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ রিপাবলিকান সিনেটর রজার উইকার অভিযোগ করেছেন, পেন্টাগন আইন অনুযায়ী বিষয়টি  তাৎক্ষণিকভাবে কংগ্রেসকে জানাতে ব্যর্থ হয়েছে। তবে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন এই তথ্য জানত কিনা তা স্পষ্ট নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা বলেন, বাইডেনকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি জানানো হয়। তিনি লয়েড অস্টিনের ওপর আস্থা বজায় রেখেছেন এবং শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে কথা হয়েছে।

লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, আমি বুঝতে পেরেছি জনগণকে বিষয়টি জানানো প্রয়োজন ছিল। তবে এটি বলা গুরুত্বপূর্ণ: এটি আমার চিকিৎসা পদ্ধতি ছিল এবং এই সিদ্ধান্তের জন্য আমি সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করি। অস্টিনের এক মুখপাত্র জানান, শুক্রবার সন্ধ্যায় অস্টিন তার পূর্ণ দায়িত্ব পালন শুরু করলেও তিনি হাসপাতালেই রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত