নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিল ইসলামী আন্দোলন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:৩৬ পিএম

নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ সোমবার বিকেলে পুরানা পল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় দলটির মহাসচিব বলেন, ‘দেশের জনগণ সরকারের প্রহসনের ডামি নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনগণ সরকারের প্রহসনের নির্বাচনে ভোট দেয়নি। যে পরিমাণ ভোট পড়েছে তা সরকারের জন্য চপেটাঘাত। নগণ্যসংখ্যক ভোটকে কারসাজি করে বাড়িয়ে দেখানো হয়েছে। ডামি নির্বাচনে সাজানো ফল দেখিয়ে তা গ্রহণযোগ্য করার ব্যর্থ চেষ্টা কোনো কাজে আসবে না।’

তিনি বলেন, ‘দলান্ধ ও দলবাজ নির্বাচন কমিশন অনেক নাটকীয়তার পরে ৪০ ভাগ ভোট কাস্টের ঘোষণা দিলেও প্রকৃতপক্ষে ১০ পার্সেন্ট ভোটও কাস্ট হয়নি। তাও ব্যাপক দলীয় নেতাকর্মীদের জাল ভোটের মাধ্যমে। কাজেই এটা কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। প্রহসনের এই ডামি নির্বাচন বাতিল করে অবিলম্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কৃষিবিদ আফতাব উদ্দিন, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসেন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আব্দুর রহমান, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমীন, মাওলানা আরিফুল ইসলাম, আব্দুল আউয়াল মজুমদার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত