মেসির আগমন প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রের আবাসন খাতেও

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১০:৫০ এএম

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির আগমনে যুক্তরাষ্ট্রের ফুটবল দুনিয়াই যেন বদলে গেছে। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে মেসি-ম্যানিয়া। দাম বৃদ্ধি পেয়েছে টিকিটের। সেটাও মানুষ কিনছেন, মেসির পায়ের জাদু দেখবেন বলে। তবে নতুন খবর, তার আগমন প্রভাব রাখছে দেশটির অন্যান্য খাতেও।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস বলছে, ফুটবলের পাশাপাশি ফ্লোরিডার আবাসন খাত নাকি মেসির কারণে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেসির কারণে এখন ফ্লোরিডায় বাড়ির মূল্য অনেক বেড়েছে। প্যাট্রিক বেট-ডেভিড নামের এক মিলিয়নিয়ার একটি সাক্ষাৎকারে আবাসন খাতে মেসির প্রভাব নিয়ে বিস্তারিত কথা বলেছেন, ‘মেসি আমার পাশের বাড়িতে ওঠার পর সবাই এখন আমাদের কমিউনিটিতে আসতে চায়।’

এ সময় বাড়ির মূল্যবৃদ্ধির ধারণা দিতে গিয়ে ডেভিড আরও বলেছেন, ‘যে বাড়ি আগে ৭ মিলিয়ন ডলার ছিল, সেটির দাম এখন বেড়ে দাঁড়িয়েছে ২৫ মিলিয়ন ডলার। মেসি আসার পর সবাই বাড়িটি দেখতে আসে।’

এদিকে নতুন মৌসুমের প্রস্তুতি নিতে লম্বা ছুটি কাটিয়ে মায়ামিতে ফিরেছেন মেসি। রোজারিও থেকে সরাসরি ফোর্ট লডারডেল বিমানবন্দরে নামেন মেসি। সেখানেই তিনি মায়ামির সতীর্থদের সঙ্গে যোগ দেবেন।

প্রাক্‌-মৌসুম প্রস্তুতিতে মেসির মায়ামি ম্যাচ খেলবে এফসি ডালাস, নেইমারের ক্লাব আল হিলাল, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর, হংকং লিগ টিম, ভিসেল কোবে এবং মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত