গাজীপুরে পুলিশের ধাওয়ায় এক লেবু বিক্রেতা ট্রেনে কাটা পড়েছে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জয়দেবপুর রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। আহত লেবু বিক্রেতা পরিতোষ চক্রবর্তী (৪৫) নওগাঁ জেলার নওগাঁদা গ্রামের আত্রাই থানার বাসিন্দা। তাকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিতোষ রেলাইনের পাশে নিয়মিত লেবু বিক্রি করতেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ওই স্থানে লেবু বিক্রি করছিল। দুপুর ১২টার দিকে সে তার লেবুগুলো পলিথিনে ভরছিল। এসমন সময় পুলিশ এসে তাকে লাঠি দিয়ে পায়ে আঘাত করে। আত্মরক্ষার্থে পরিতোষ ওইখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে পড়ে যায়। এসময় ওই পুলিশ তাকে লাথি মারলে পরিতোষ রেললাইনের উপরে পরে যায়। তাৎক্ষণিক একটি ট্রেন পরিতোষের বাঁ পায়ের উপর দিয়ে চলে গেলে তার পা কেটে যায়। ট্রেন চলে যাওয়ার পর তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিতোষের শাশুড়ি জানান, পরিতোষ রেললাইনের ফুটপাতে লেবু বিক্রি করেন। পরিতোষ রেলগেটে লেবু পলিথিনে ভরে প্যাকেট করছিলেন। হঠাৎ গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এক পুলিশ গিয়ে তাকে পেটাতে শুরু করে। পরে সে দৌড় দিয়ে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে এক লেবু ব্যবসায়ী দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় পরিতোষ নামে ওই ব্যক্তিকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।
জয়দেবপুর জংশন স্টেশন অফিসার আবুল হোসেন জানান, এক লেবু বিক্রেতা ট্রেনে কাটা পড়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, রেললাইনে উচ্ছেদ অভিযান চলমান প্রক্রিয়া। থানার এএসআই জহির রেলক্রসিংয়ে ডিউটিতে ছিলেন। পুলিশ দেখে অনেকেই পালানোর চেষ্টা করতে পারেন। পুলিশের ধাওয়া দেওয়ার বিষয়টি সঠিক নয়। ওই লেবু বিক্রেতা পুলিশ দেখে দৌড় দিয়ে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়েছেন। পরে আহত ওই ব্যক্তি খোঁজখবর নেওয়া হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
