এশিয়ান টিভির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১০:৩২ পিএম

১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন করেছে এশিয়ান টেলিভিশন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে গুলশানের নিকেতনে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন-উর-রশীদ সিআইপি, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের পরিচালক মাহির আলী খাঁন রাতুল, এশিয়ান টেলিভিশনের ডিএমডি (অপারেশন) জাহিদ ইবনে রশীদ ও প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসাইন উপস্থিত ছিলেন।

এ সময় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের পরিচালক মাহির আলী খাঁন রাতুল বলেন, সারা দেশে মাঠ পর্যায়ে পেশাদারিত্ব বজায়ে রেখে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে এশিয়ান টেলিভিশনের ডিজিটাল বিভাগকে আরও সামনে এগিয়ে নিতে সবার প্রতি তাগিদ দেন তিনি। 

অনুষ্ঠানে এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন-উর-রশীদ সিআইপি অতীতের মতো আগামীতেও অনিয়ম, দুর্নীতির সংবাদের পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে জেলা প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। নতুন বছরে সুযোগ সুবিধা বৃদ্ধি ও অসহায় প্রতিনিধিদের সহায়তাকল্পে বিশেষ তহবিল গঠনের ঘোষণা দেন তিনি।

প্রতিনিধি সম্মেলনে দেশসেরা সংবাদকর্মীদের সারা বছরের ভালো কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত