গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন এক তরুণ। চিকিৎসার জন্য চার ইউনিট রক্তের প্রয়োজন ছিল তার। রক্তের খোঁজে অ্যাপের সাহায্য নেন তিনি। এক জন রক্তদাতার সন্ধানও পান। কিন্তু টাকা নেওয়ার পর লাপাত্তা হয়ে যান সেই ব্যক্তি। ঘটনাটি ভারতের দিল্লির।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী বার বার ফোন করেও রক্তদাতার সন্ধান পাননি। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ২২ বছর বয়সী ওই তরুণের নাম সাহিল কুমার। দিল্লির ত্রিলোকপুরীর বাসিন্দা তিনি।
পিটিআই জানিয়েছে, নয়ডার একটি রসায়ানাগারে কাজ করেন সাহিল। সেখান থেকেই তিনি জানতে পারেন অ্যাপের মাধ্যমে রক্তদান করে উপার্জন করা যায়। তারপর সেই অ্যাপে অ্যাকাউন্ট খোলেন সাহিল।
এদিকে মায়ের জন্য রক্তের সন্ধানে ছিলেন তরুণ। সাহিল রক্তদানে রাজি হন। তবে প্রতি ইউনিট রক্তের জন্য ২০০ টাকা করে চেয়ে মোট ৮০০ রুপি দাবি করেন তিনি। কথা পাকা হওয়ার পর সাহিলকে টাকা পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এরপর রক্তের জন্য যোগাযোগ করা হলে আরও এক হাজার রুপি দাবি করেন সাহিল।
এরপরই সন্দেহ হয় তরুণের। টাকা ফেরত চান তিনি। কিন্তু ফোন বন্ধ করে দেন সাহিল। শেষ পর্যন্ত তরুণের অভিযোগের ভিত্তিতে সাহিলকে গ্রেপ্তার করে পুলিশ।
