ব্যাপক আলোচনার পর অবশেষে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্সের (ইনডিয়া) প্রধান বা চেয়ারপার্সন হিসেবে মনোনীতি হয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
এই খবর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা বাকী আছে। এই পদে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারও তালিকায় ছিলেন, তবে আজকের বৈঠকে তিনি নিজে থেকেই বলেন ইনডিয়া জোটের সভাপতি পদে কংগ্রেসের কারও থাকা উচিত।
এনডিটিভি বলছে, জোটের বৈঠকে সভাপতি হিসেবে খাড়গেকেই মনোনীত করা হয়েছে বলে জানা গেছে। চলতি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে ভোটের লড়াইয়ে তিনিই ‘ইনডিয়া’-কে নেতৃত্ব দেবেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জোটের শরিক দলগুলোর আসন ভাগাভাগি সংক্রান্ত সিদ্ধান্তও শিগগিরই নেওয়া হবে।
চলতি ২০২৪ সালের মে মাস থেকে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নির্বাচন হবে। সেই নির্বাচনে বিজেপি ও বিজেপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোট এনডিএকে মোকাবিলা করতে ২০২৩ সালের জুলাই মাসে ‘ইনডিয়া’ গঠন করে বিজেপিবিরোধী দলগুলো।
এই জোটের মধ্যে অন্তত ২৬টি রাজনৈতিক দল রয়েছে। এই দলগুলোর মধ্যে কয়েকটি দল বিভিন্ন রাজ্যের সরকারেও ক্ষমতাসীন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও রয়েছে এই জোটে।
সামনের নির্বাচনে ‘ইনডিয়া’র সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসন বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগির ব্যাপারটি। ইতোমধ্যে এই নিয়ে শরিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
২০২২ সালের ১৯ অক্টোবর কংগ্রেস সদস্যদের ভোটে জয়ী হয়ে দলটির সর্বভারতীয় সভাপতি হন মল্লিকার্জুন খাড়গে। ইনডিয়া জোটের আগের বৈঠকে মল্লিকার্জুন খাড়গেকেই জোটের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া উচিত বলে মত দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
