শ্বশুরের মৃত্যুর খবর শুনে মারা গেলেন পুত্রবধূ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১১:১২ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাট সত্তরোর্ধ্ব সাহেব আলী নামে এক বৃদ্ধের মৃত্যুর কিছুক্ষণ পরই তার পুত্রবধূও মারা গেছেন। আজ শনিবার বিকেলে উপজেলার কালিঞ্জিরা (ওহিউড়া) গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন সম্পর্কে শ্বশুর-ছেলের বউ ছাড়াও আপন চাচা-ভাতিজি ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে থেকে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন সাহেব আলী। বয়সের কারণে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ওই বৃদ্ধ। শনিবার বিকেলে নিজ বাড়িতেই মারা যান বৃদ্ধ সাহেব আলী। এর কিছু সময় পরে শ্বশুরের মৃত্যুশোক সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন পুত্রবধূ ছমিরন বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের প্রতিবেশী লিটন মিয়া জানান, নিহত ছমিরন বেগম একবার হার্ট স্ট্রোক করেছিলেন। আজ বিকেলে কিছু সময়ের ব্যবধানে শ্বশুর এবং ছেলের বউ মারা গেছেন। আগামীকাল রবিবার সকাল ১১টায় দুজনের দাফন সম্পন্ন করা হবে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থজ্বীময় সরকার জানান, সন্ধার আগে ছমিরন বেগমকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তবে আমরা তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত