সুপ্রিম কোর্টের রায়

ইমরান খানের দলকে ‘ব্যাট’ ছাড়াই খেলতে হচ্ছে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১১:৪৪ এএম

পাকিস্তানে আসন্ন নির্বাচনে লড়তে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে একের পর বাধার মুখে পড়তে হচ্ছে। এবার দলটির নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ চূড়ান্তভাবে হাতছাড়া হয়ে গেল। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ইমরানের দলের জন্য বড় দুঃসংবাদ এলো সর্বোচ্চ আদালত থেকে। শনিবার (১৩ জানুয়ারি) রাতে দেশটির সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছে, ‘ব্যাট’ প্রতীকে নির্বাচন করতে পারবে না (পিটিআই)।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দুই দিন শুনানি শেষে সুপ্রিম কোর্ট তিন সদস্যের বেঞ্চ পিটিআইকে ‘ব্যাট’ না দেওয়ার রায় দেয়। এই বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা, বিচারপতি মোহাম্মদ আলি মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি। স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে তারা এই রায় দেন।   

দুর্নীতি মামলায় সাজা হওয়ায় কারাবন্দী আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাজার কারণে নিজ দলের প্রধানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ইমরান। পরে সম্প্রতি দলের অভ্যন্তরীণ নির্বাচনে পিটিআই নতুন চেয়ারম্যান নির্বাচিত হন গহর আলী খান।

পিটিআইয়ের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের আইন (ইসিপি) মেনে নির্বাচন হয়নি অভিযোগে গত ২২ ডিসেম্বর দলটির ‘ব্যাট’ প্রতীক বাতিল করে ইসিপি। বিষয়টি পিটিআই ও ইসিপির আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। যা নিয়ে শনিবার চূড়ান্ত রায় দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট।  

পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ জেতানো তারকা ইমরান খান। তৎকালীন সময়ে শুধু পাকিস্তান নয়, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১৯৯২ সালে পাকিস্তানকে প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতিয়ে অবসরের ঘোষণা দেন তিনি। যোগ দেন রাজনীতিতে।

মূলত ক্রিকেটার হিসেবে তুমুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই রাজনীতিতে পা রাখেন ইমরান। গড়ে তোলেন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। রাজনীতির জীবনেও সফল হন তিনি। পাকিস্তানে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে জয় পায় তার দল পিটিআই। প্রধানমন্ত্রী হন ইমরান খান। কিন্তু পাকিস্তানের রীতি অনুযায়ী তিনিও মেয়াদ পূর্ণ করার আগেই ক্ষমতাচ্যুত হন। এজন্য ইমরান বরাবরই যুক্তরাষ্ট্র ও নিজ দেশের সামরিক বাহিনীর হস্তক্ষেপকে দায়ী করে আসছেন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত