এশিয়ার অন্যতম জনপ্রিয় রাজকীয় ব্যক্তিত্ব ব্রুনাইয়ের রাজপুত্র আবদুল মতিন জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করলেন।
বিবিসির প্রতিবেদন বলছে, সামাজিক মাধ্যমে সুপরিচিত ৩২ বছর বয়সী এই যুবরাজ একসময়ের এশিয়ার অন্যতম যোগ্য ব্যাচেলর হিসেবে পরিচিত ছিলেন।
বিয়ের অনুষ্ঠানটি ৭ জানুয়ারি শুরু হয়ে আজ রবিবার বড় আয়োজনে শেষ হবে। গত বৃহস্পতিবার একটি মসজিদে বিয়ের ধর্মীয় অংশ সম্পন্ন হয়।
মতিন বিশ্বের অন্যতম ধনী সুলতান হাসানাল বলকিয়ার চতুর্থ পুত্র এবং দশম সন্তান। সিংহাসনের ষষ্ঠ দাবিদার এই রাজপুত্র সাম্প্রতিক বছরগুলোতে তার বাবাকে কূটনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করে সুনাম অর্জন করেন।
সুলতান বলকিয়া অক্টোবরে নিজের বিশেষ উপদেষ্টার নাতনি আনিসার সাথে পুত্র মতিনের বাগদানের ঘোষণা দেন।
মতিন রয়্যাল ব্রুনাই এয়ার ফোর্সে একজন হেলিকপ্টার পাইলট হিসেবে আছেন। ইন্সটাগ্রামে তার ২.৫ মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে। অন্যদিকে আনিসা একটি ফ্যাশন ব্র্যান্ড এবং পর্যটন ব্যবসার মালিক বলে জানা গেছে।
জমকালো এই আয়োজনে উপস্থিত আছেন সৌদি ও জর্ডান রাজপরিবারের সদস্যরা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফারদিনান্দ মারকোস জুনিয়রও যোগ দিয়েছেন এই রাজকীয় আয়োজনে।
এদিন নববিবাহিত রাজপুত্র মতিন ও তার স্ত্রী আনিসা একটি ছাদখোলা রোলস রয়েসে চড়ে রাজধানীতে জড়ো হওয়া ভক্ত-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান।
