প্রয়োজন সাপেক্ষে নতুন কারিকুলামের মূল্যায়নে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, এটা স্থায়ী কোনো বিষয় নয়। সেখানে পরিবর্তন প্রয়োজনে অবশ্যই সেখানে আসবে।
শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে অফিস করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া নওফেল বলেন, কারিকুলাম নিয়ে অনেক কাজ হয়েছে, কারিকুলাম তো হঠাৎ করে আসেনি। সেটা নিয়ে আলোচনা-সমালোচনা থাকবে, সেটাই স্বাভাবিক। সে আলোচনা-সমালোচনাগুলো মাথায় রেখেই দুর্বলতা থাকলে, সেখানে সমস্যা থাকলে...মূল্যায়নের জায়গায় একটা আলোচনা আছে মূল্যায়নটা যাতে এমন না হয় যাতে সেটা প্রতিবন্ধকতা হিসেবে পরিণত হয়। সেগুলো বিবেচনা করেই আমরা আগামী দিনগুলোতে শিক্ষা পরিবারের সবাইকে নিয়ে কাজ করব।
মূল্যায়নে কি তাহলে পরিবর্তন আনছেন- জানতে চাইলে তিনি বলেন, শিক্ষাবর্ষ শুরু হয়েছে। ধারাবাহিক মূল্যায়নের কাজগুলোও শুরু হয়েছে। সেখানে কাজ করতে গিয়ে দেখা যাবে যে পদ্ধতি আমরা ইতিমধ্যে শিক্ষাবিদগণ, কারিকুলাম বিশেষজ্ঞ নির্ধারণ করেছেন সেটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা এখন দেখতে পাব। তো দেখতে পেলে আমরা আগেও বলেছি, যে এটা স্থায়ী কোনো বিষয় নয়। এটা যে আমাদের রিজেক্টলি মেনটেইন করতে হবে তা কিন্তু নয়। সেখানে পরিবর্তন প্রয়োজনে অবশ্যই আসবে। তা আগেও বলা হয়েছে এখনো আমি বলছি। পরিবর্তন প্রয়োজন সাপেক্ষে অবশ্যই আসবে।
শিক্ষার চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে আমরা দেখেছি পাঁচটি বছর সফলভাবে সদ্য সাবেক সফল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তিনি দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তার সাথে আমরা সকলেই এই শিক্ষা পরিবারে কাজ করেছি। শিক্ষায় নানা ধরনের রূপান্তরের কাজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে আমরা সূচনা করেছি। এই সূচনার কাজগুলোর পেছনে কিন্তু আমাদের পূর্বে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, এখন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, তিনি সেই ভিতগুলো রচনা করে দিয়েছিলেন।
নওফেল বলেন, শিক্ষার সব কাজের মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হয়। সুতরাং এখানে নতুন করে, হঠাৎ করে কোনো কিছু চিন্তা করার অবকাশ খুবই কম। তাই সেই ধারাবাহিকতার মধ্যেই রূপান্তর, ধারাবাহিকতার মধ্যেই স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এই ধারাবাহিকতার মধ্যেই স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য স্মার্ট এডুকেশন সিস্টেম আমাদের প্রয়োজন সেই লক্ষ্যেই আমরা কাজ করব।
