চবিতে শিক্ষক সমিতি ও প্রশাসনের পাল্টাপাল্টি কর্মসূচি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ পিএম

প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচির স্থানে ‘গণতন্ত্রের বিজয়’ মঞ্চ বানিয়ে কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে নির্ধারিত স্থানে কর্মসূচি করতে না পারলেও তার পাশেই অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি। রবিবার (১৪ জানুয়ারি) চবি প্রশাসন ভবনের সামনে পাল্টাপাল্টি এ কর্মসূচি পালন করতে দেখা গেছে।

জানা গেছে, শিক্ষক সমিতির কর্মসূচি শুরুর পরেই গণতন্ত্রের বিজয় মঞ্চে সংগীত পরিবেশনের আয়োজন করে কর্তৃপক্ষ। এতে অবস্থান কর্মসূচি পালনে ব্যাঘাত হওয়ায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকগণ মঞ্চের পাশে অবস্থান নেন। এসময় তারা অভিযোগ করেন, আমাদের কর্মসূচি ভন্ডুল করার জন্য তারা এ কর্মসূচির আয়োজন করে।  

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ধারাবাহিক আন্দোলন সাময়িক স্থগিত ছিল। কিন্তু প্রশাসন আজ শিক্ষক সমিতির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি ভন্ডুলে স্থান বেদখল করে রেখেছে। আমরা বারবার তাদেরকে বলেছি, যেন আমাদের স্থানে আমরা অবস্থান কর্মসূচি পালন করতে পারি। কিন্তু, মৌখিক আশ্বাস দিলেও তারা যথাসময়ে স্থান ছেড়ে না দিয়ে আমাদের স্থানে একটা তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তারা যান্ত্রিক সংগীত পরিবেশন করে আমাদের কর্মসূচি ভন্ডুল করতে চায়। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ডায়রিতে বঙ্গবন্ধু টানেলকে বাদ দিয়ে বিদেশের একটি টানেলের ছবি দেওয়া হয়েছে। যা বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতি চবি উপাচার্য ও উপ-উপাচার্যের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। 

উল্লেখ্য, চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দের পদত্যাগের দাবিতে টানা তিনদিনের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতি। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত