ভারতের ভিসা পেয়েছেন সাবিনা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১০:২১ পিএম

সময় মতো ভারতের ভিসা পাওয়া নিয়ে শঙ্কা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের। তবে রবিবার ঠিকই তাকে ভিসা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস। ভারতের চলমান লিগের দল কিকস্টার্ট ক্লাবের হয়ে খেলতে আজ ঢাকা ছাড়বেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ভারতীয় লিগে খেলার সুযোগ পাচ্ছেন এই তারকা। কর্নাটকের ক্লাবটি তিন মাসের চুক্তি করেছে তার সঙ্গে। আগামী ১৭ জানুয়ারি দলের পরের ম্যাচেই খেলতে পারবেন সাবিনা।

২০১৮ সালে সেথু এফসির হয়ে ভারতের মাঠ মাতিয়েছিলেন সাবিনা। তাছাড়া নিয়মিতই খেলেছেন মালদ্বীপের লিগে। গত ৮ ডিসেম্বর শুরু হওয়া ভারতীয় নারী ফুটবল লিগ শেষ হবে মার্চ মাসে। লিগ শুরুর পর পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে আছে কিকস্টার্ট। তারা প্রথম চার ম্যাচের তিনটিতে জিতেছে। এক ম্যাচ ড্র করেছে।

ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সাবিনা বলেন, 'আজ ভিসা পেয়েছি। কালই ভারত চলে যাচ্ছি। দল একটা ভালো অবস্থানে আছি। এ অবস্থায় দলকে শিরোপা জিততে সহায়তা করতে চাই।'

এ বছর বাংলাদেশ সাফ শিরোপা ধরে রাখার মিশনে নামবে অক্টোবরে। তাই ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য লিগগুলো খেলে নিজেকে প্রস্তুত রাখতে চাইছেন সাবিনা। কিকস্টার্ট এফসি অতীতে দু'বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। গতবার হয়েছে রানার্স-আপ। এবার এই দলে গত বছর সাফের ফাইনাল খেলা নেপালের প্রীতি রায় ও দীপা শাহি খেলছেন। এছাড়া ভারত জাতীয় দলেরও অনেক তারকা রয়েছে এদের সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত