সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিরাজুল ইসলাম।
আজ সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ক্র্যাবের নির্বাচন শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
ঘোষিত ফল অনুসারে, নির্বাচনে সভাপতি পদে কামরুজ্জামান খান পেয়েছেন ১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দি নিউ ন্যাশনের ইসারফ হোসেন ইসা পেয়েছেন ১১৭ ভোট। আর সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম নুরুজ্জামান পেয়েছেন ৭৪ ভোট।
এ ছাড়া সহসভাপতি শাহীন আবদুল বারী (১২৩ ভোট), যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান (১৭৩ ভোট), অর্থ সম্পাদক হরলাল রায় সাগর (১৫৩ ভোট), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী (১৯০ ভোট), দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার (১৫৩ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন (১৬১ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রকিবুল ইসলাম মানিক, কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী (১৭৬ ভোট), প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইসমাঈল হুসাইন ইমু ও আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম (১৩৬ ভোট) বিজয়ী হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে চারজন প্রার্থীর মধ্যে বিজয়ী তিনজন হলেন আলী আজম, মো. আবু দাউদ খান ও শেখ কালিমউল্যাহ।
এদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩০০ জন। এর মধ্যে ২৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
