বাংলাদেশে নাশকতা নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম

বাংলাদেশে নির্বাচনের আগে বাসে-ট্রেনে আগুনসহ যেসব নাশকতার ঘটনা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।  

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার প্রেস ব্রিফিং এ জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বাংলাদেশে নির্বাচন নিয়েও কথা বলেন। নির্বাচনের আগে গণপরিবহনে আগুন দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিই না, তা যেই করুক না কেন।’

তিনি আরও বলেন, ‘আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করতে ও সবরকম মানবাধিকার এবং আইনের শাসনের সম্মান নিশ্চিত করার আহ্বান জানাই।’

এর আগে গত ৯ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন বিষয়ে কথা বলেন ডুজারিক। সেসময় তিনি বলেন, মহাসচিব (আন্তোনিও গুতেরেস) খুব স্পষ্টভাবে সব সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন। এর লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের মানবাধিকার এবং আইনের সুরক্ষা পাবার অধিকারের প্রতি যেনো পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা হয় তা নিশ্চিত করা। বাংলাদেশে গণতন্ত্রের ভিত মজবুত করতে এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটা অত্যন্ত জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত