উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। আজ মঙ্গলবার তার যোগদান উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটির সভাকক্ষে এক অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নব-নিযুক্ত উপ-উপাচার্যকে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. লেখা বলেন, আজ একটি নতুন দিনের শুভ সূচনা হতে যাচ্ছে। আমরা ড. গৌর গোবিন্দ গোস্বামীকে আমাদের উত্তরা ইউনিভার্সিটির পরিবারে নতুন একজন সদস্য হিসেবে পেয়েছি। তার এই যোগদান উত্তরা ইউনিভার্সিটির অগ্রযাত্রায় আরো গতি সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন বলেন, দীর্ঘদিন পর আমরা ইউনিভার্সিটির বাইরে থেকে একজন উপ-উপাচার্য পেলাম। আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো।
নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী তার বক্তৃতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন। তিনি রাষ্ট্রপতি ও উত্তরা ইউনিভার্সিটির আচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁকে উপ-উপাচার্য নিযুক্ত করায়। একই সঙ্গে তিনি উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এবং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আজিজুর রহমান-সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি ইউনিভার্সিটির গবেষণায় এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখার নেতৃত্বে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ড. গৌর গোবিন্দ গোস্বামী নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক ছিলেন। ২০১০ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। আন্তর্জাতিক অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-মিলওয়াকি বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর গৌর তার পি.এইচ.ডি. সম্পন্ন করেন। দীর্ঘ ৩১ বছরে (১৯৯২-২০২৪) শিক্ষা, গবেষণা, এবং বিভিন্ন স্তরে অ্যাকাডেমিক ও প্রশাসনিক পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর ।
উল্লেখ্য, রাষ্ট্রপতি ও উত্তরা ইউনিভার্সিটির আচার্য গত ১১ জানুয়ারি প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামীকে উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
