দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:৫০ পিএম

‘আমাকে প্রধানমন্ত্রী একটা মিশন নিয়ে ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, তা হচ্ছে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করা। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করে এই মিশন পূরণ করতে আমি দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। আমার বিশ্বাস, ভূমি মন্ত্রণালয়ের আমরা সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে ভূমি মন্ত্রণালয় থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যা চাচ্ছেন তা পূরণ করা সম্ভব। আপনাদের প্রতি আমি আপিল করছি, জনকল্যাণে যথাযথ ভূমি সেবা নিশ্চিত করতে কাজ করুন, একইসাথে সতর্কও করছি যেন এর ব্যত্যয় না হয়।’

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর ভূমি ভবনে অবস্থিত কেন্দ্রীয় সেমিনার হলে আয়োজিত ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর/সংস্থা সমূহের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ’ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

ভূমি সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ সহ ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভূমি মন্ত্রণালয়ের দপ্তর/সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ে কর্মরত সবার বেতন জনগণের ট্যাক্সের টাকা থেকে আসে। এজন্য বিত্তশালী এবং বিত্তহীন সকল নাগিরকই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ট্যাক্স দেন। চাকরি করে নাগরিক সেবা দেওয়ার কর্তব্য যথাযথভাবে পালন না করার অর্থ হচ্ছে চাকরির উপার্জন হালাল না হওয়া। দারিদ্র্য বিমোচন, নারী অধিকার নিশ্চিতকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, শিল্প ও খনিজ সম্পদ, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাসহ উন্নয়নের সকল ক্ষেত্রে ভূমি প্রয়োজন। এজন্য টেকসই, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি সংস্কার বাস্তবায়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত