এতোদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ১৬টি ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ডের সিংহাসনে এককভাবে আসীন ছিলেন আফগান ব্যাটার হযরতউল্লাহ জাজাই। আজ সেই আসনে ভাগ বসিয়েছেন ফিন অ্যালেন।
পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৬২ বলে ১৩৭ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলার পথে এ কীর্তি গড়েন অ্যালেন। তার এমন ইনিংসে বোর্ডে ২২৪ রান জড়ো করে কিউইরা।
ছক্কার রেকর্ডের দিনে ৪৮তম বলে শতরান স্পর্শ করেন অ্যালেন। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি এটি তার।
১৮তম ওভারের প্রথম বলে ১৬তম ছক্কাটি হাঁকিয়ে তার পরের বলে আউট হন তিনি। ততক্ষণে নামের পাশে ৬২ বলে ১৩৭ রান। চার মাত্র ৫টি আর ছক্কা ১৬টি।
প্রথম ম্যাচে ৩৪ ও দ্বিতীয় ম্যাচে ৭৪ রানের পর এবার ১৩৭ রানের ইনিংস। পাকিস্তানি বোলারদের জন্য রীতিমতো ত্রাস হয়ে উঠেছেন ২৫ বছরের অ্যালেন।