তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, একটি গোষ্ঠী ভোট বর্জন করতে অগ্নি সন্ত্রাস করেছিল। ভোটের দিন তারা হরতাল ডেকেছিল। তবে ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ নির্বাচন বর্জনকারীদের প্রত্যাখ্যান করেছে।
আজ বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিকদী আদর্শ বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে মোহাম্মদ আরাফাত বলেন, একটি গোষ্ঠী ভোট বর্জন করেছে এবং দেশের জনগণকে হুমকি ধামকি দিয়েছিল ভোট বর্জন করতে। তারা অগ্নিসন্ত্রাস করেছিল, ভোটের দিন হরতাল ডেকেছিল। কিন্তু আমরা বলেছিলাম, ভোট যারা নির্বাচন বর্জন করে, অগ্নিসংযোগ করে, ভোটের দিন হরতাল দেয়, তাদের বর্জন করতে হবে। ঢাকা-১৭ আসনের মানুষ গত উপ-নির্বাচনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিগুণ ভোটে আমাকে নির্বাচিত করে ভোট বর্জনকারীদের প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, যারা অতীতে কখনও গণতন্ত্রের পক্ষে কাজ করেনি, গণতন্ত্রকে বিনষ্ট করেছে, ভোট চুরি করেছে। যখন তারা বিরোধী দলে ছিল, তখন তারা অগ্নিসন্ত্রাস করে সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। এই দল এবং গোষ্ঠী গণতন্ত্রের বিপক্ষে, নির্বাচনের বিপক্ষে, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির বিপক্ষে। কাজেই তাদের প্রত্যাখ্যান করার জন্য আমরা ভোটারদের আহ্বান জানিয়েছিলাম। শত বাধা, হুমকি, ভয়-ভীতি, সন্ত্রাস সবকিছুকে না বলে ভোট বিপ্লব করেছে। গোটা বাংলাদেশ তাদের না বলেছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, মানিকদীবাসীদের যতগুলো দাবি রয়েছে আমরা কিন্তু সেগুলো ধাপে ধাপে পূরণ করার চেষ্টা করছি এবং করব। আমি যা কিছু করি না কেন ঢাকা-১৭ আসন আমার আগে। আপনাদের ভোটের কারণে কিন্তু আমি আজকে প্রতিমন্ত্রী হতে পেরেছি এবং আপনাদের আসনের সংসদ সদস্য।
বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এদেশে আমরা স্বাধীনভাবে চলব মন্তব্য করে তিনি বলেন, কোনো অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। বিদেশি কোনো রাষ্ট্রের কথায় আমাদের এই দেশ চলবে না। কাজেই আমাদের মানবাধিকার আর গণতন্ত্রের জ্ঞান দেবে, আমাদের কটাক্ষ করবে, এটার জবাব আমাদের দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।
