ঢাকার বায়ুদূষণ প্রায়ই বিশ্বের বড় শহরগুলোর মধ্যে শীর্ষে থাকে। বিশ্বব্যাপী দূষিত শহর হিসেবে ঢাকার নেতিবাচক খ্যাতি রয়েছে। অবিশ্বাস্য হলেও, সেই ঢাকার বায়ুদূষণ কমতে শুরু করেছে। চরম দূষণকাল ধরা হয় জানুয়ারি মাসকে।
এবার জানুয়ারির প্রথম দুই সপ্তাহে বায়ুর গড় মান গত আট বছরের গড়ের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ উন্নত। আর গত বছরের চেয়ে ১২ দশমিক ৩৫ শতাংশ উন্নত। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুম-লীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) বিশ্লেষণে এ চিত্র ফুটে উঠেছে।
ক্যাপসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার দেশ রূপান্তরকে জানান, ঢাকার বায়ুমানের উন্নতি ঘটছে। ২০১৭ থেকে ২০২৪ সালের জানুয়ারি মাসের দুই সপ্তাহের বায়ুমান বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। অথচ এ বছর ঢাকার বায়ুদূষণের সব অনুষঙ্গই বহাল রয়েছে।
তিনি বলেন, নতুন সংযোজন হচ্ছে মেট্রোরেল। বৈদ্যুতিক যান মেট্রোর করিডরে অন্য যানের চলাচল কমেছে। এতেই পরিবেশের উন্নতি শুরু হয়েছে। মেট্রোরেল পুরো সময়ে চালু হলে এর আরও সুবিধা পাওয়া যাবে। মেট্রোরেল বাতাসের কতটুকু উন্নতি ঘটাল, সে বিষয়ে গবেষণা হওয়া দরকার। ক্যাপসের এ বিষয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাছের খান দেশ রূপান্তরকে বলেন, ‘ক্যাপসের বিশ্লেষণ ঠিক। ঢাকার বায়ুদূষণ কমার কারণ মেট্রো হয়ে থাকতে পারে। সিটি করপোরেশনের তৎপরতা, তীব্র শীতের কারণে গাড়ি চলাচল কম হওয়াও কারণ হয়ে থাকতে পারে। মেট্রোরেল পুরোদমে চালু হলে ঢাকার বায়ুমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ক্যাপসের তথ্যমতে, ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত অর্থাৎ সাত বছরের জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহের বায়ুর গড় মান ছিল ২৪৯ দশমিক ১৪ শতাংশ। আর ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত বায়ুর গড় মান ছিল ২৪৮ দশমিক ৮৮ শতাংশ। আট বছরে বায়ুমানের উন্নতি ১ দশমিক ০৬ শতাংশ। ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকার বায়ুর গড় মানের উন্নতি হয়েছে ১২ দশমিক ৩৫ শতাংশ।
ক্যাপসের তথ্যমতে আরও জানা যায়, ২০১৭ সালের জানুয়ারি মাসে ঢাকার বায়ুসূচকের গড় ছিল ২৪৮, ২০১৮ সালে ২৫৬, ২০১৯ সালে ২৪০, ২০২০ সালে ২৩৫, ২০২১ সালে ২৬২, ২০২২ সালে ২২২, ২০২৩ সালে ২৮১ এবং ২০২৪ সালে ২৪৭। গত আট বছরের জানুয়ারি মাসে ঢাকার বাতাসের মান বিশ্লেষণের তুলনামূলক চিত্রে ২০২৪ সাল পঞ্চম স্থানে রয়েছে।
ক্যাপসের বিশ্লেষণে বায়ুমানের নানাদিক জানা গেছে। প্রতিষ্ঠানটি বলছে, ঢাকার বায়ুমানের উন্নতি হলেও ২০২৪ সালের জানুয়ারি মাসের দুই সপ্তাহের তথ্য-উপাত্ত অনুযায়ী এখনো তা খুব অস্বাস্থ্যকর। গত আট বছরে জানুয়ারি মাসের ২২৪ দিনের মধ্যে ৩৫ দিনের আবহাওয়া ছিল দুর্যোগপূর্ণ। আর ১৫৮ দিন ছিল খুবই অস্বাস্থ্যকর। এ সময়ে এক দিনের জন্যও ভালো বায়ুসেবনের সৌভাগ্য হয়নি ঢাকার মানুষের।
ক্যাপসের তথ্য অনুযায়ী, গত আট বছরের জানুয়ারি মাসে অস্বাস্থ্যকর বায়ুমান ছিল ২০১৭ সালে ৫, ২০১৮ সালে ৪, ২০১৯ সালে ৪, ২০২০ সালে ৪, ২০২১ সালে ১ ও ২০২৩ সালে ১০ দিন। আর খুবই অস্বাস্থ্যকর ছিল ২০১৭ সালে ২১ দিন, ২০১৮ সালে ২৩, ২০২১ সালে ২৩ ও ২০২৩ সালে ২১ দিন।
ক্যাপস জানিয়েছে, ঢাকার বাতাস বেশি অস্বাস্থ্যকর থাকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে জানুয়ারি মাসের বাতাসের মান সবচেয়ে খারাপ থাকে। অন্যান্য বছরের মতো এবারও বায়ুদূষণের চিত্র একই রকমের। গত প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকার বাতাসের ‘একিউআই স্কোর’ ২০০ থেকে ২৫০ থাকছে। কোনো কোনো দিন ৩০০ পর্যন্তও হয়েছে। বছরের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর থাকে।
