যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের আওয়ামী লীগের প্রতীক নৌকা উপহার দিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ।
বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতের সময় পৃথকভাবে পিটার হাস ও চার্লস হোয়াইটলিকে আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক নৌকা উপহার দেন মন্ত্রী।
দুই রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন নিয়ে নানা দেশের নানা মত ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে, নতুন সরকারের সঙ্গে তারা কাজ করছে। আমরা একযোগে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।’
বাংলাদেশের বাণিজ্য সম্পর্কে একটি বড় অংশীদার যুক্তরাষ্ট্র জানিয়ে তিনি বলেন, ‘আমরা উভয়ই সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার বিষয়ে একমত হয়েছি এবং সেই লক্ষ্যে কাজ করবো বলে আলোচনা করেছি। একইসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতও নতুন সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন করার জন্য, সম্পর্ককে আরও বলিষ্ঠ করার জন্য বাণিজ্য, বিজনেস বাস্কেট আরও বিস্তৃত করার জন্য এবং মার্কিন সরাসরি বিনিয়োগ আরও বাড়ানোর জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন।’
