চলন্ত ট্রেনে স্কুলছাত্রীকে ধর্ষণ, তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম

লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে লালমনিরহাট রেল বিভাগ। এছাড়াও অভিযুক্ত রেলের অ্যাটেনডেন্স আক্কাস গাজীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দায়ের করা হয়েছে বিভাগীয় মামলাও।

আজ বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ এন্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু এসব তথ্য নিশ্চিত করেন। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লালমনিরহাট ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার (ডিটিও) আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েয়ছে। তদন্ত কমিটির অপর তিন সদস্য হলেন, তাসরুজ্জামান বাবু, রেলওয়ে হাসপাতালের ডাক্তার মাহফুজুর রহমান ভূইয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট (আরএমডি) শফিকুর রহমান। কন্ট্রোল অর্ডারের মাধ্যমে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম এ নির্দেশনা দিয়েছেন।

লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রেলওয়ে পুলিশের দায়ের করা মামলায় অভিযুক্ত আক্কাস গাজীকে গ্রেপ্তারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবংগতকাল চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে রেল বিভাগ।

এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের কোনো সদস্য লালমনিরহাটে আসেননি।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, ভুক্তভোগী শিক্ষার্থীকে আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। তার পরিবার সদস্যরা আসলে আদালতের মাধ্যমে হস্তান্তর করা হবে।

লালমনিরহাট বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ এন্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু জানান, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আমরা রেল বিভাগ ব্যাথিত। ধর্ষকের বিষয়ে কোনো ছাড় নেই। আমরা তদন্ত করছি। আইনি ব্যবস্থার বাইরেও রেল বিভাগ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য গতকাল বুধবার সকালে লালমনি এক্সপ্রেসে চলন্ত ট্রেনে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন রেল অ্যাটেনডেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত