৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:৩৪ পিএম

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃস্পতিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ মার্চ শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট নির্দেশনাগুলো যথাসময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

জানা যায়, ৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। গত বছরের ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। এই বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত