দুইদিনের ব্যবধানে বঙ্গবন্ধু টানেলে ফের দুর্ঘটনা

  • গত আড়াই মাসে টানেলে পাঁচটি সড়ক দুর্ঘটনা
  • ২৮ অক্টোবর টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম

দুইদিনের ব্যবধানে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে ফের দুর্ঘটনা ঘটেছে। এবার টানেলের ভেতরে একটি পিকআপ চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালে ধাক্কা দেয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত আড়াই মাসে টানেলে পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটল।

এর আগে গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে সড়কের বৈরাগ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় নৌবাহিনীর একটি সিকিউরিটি পোস্ট ভেঙে যায়। এ সময় সেখানে দায়িত্বরত একজন নৌবাহিনীর সদস্যসহ সাতজন আহত হন।

বঙ্গবন্ধু টানেল প্রকল্পের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকালে আনোয়ারা থেকে পতেঙ্গা প্রান্তের দিকে যাচ্ছিল একটি পিকআপ। এ সময় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের টিউবে ধাক্কা দেয়। তবে এতে বড় ধরনের ক্ষতি হয়নি। ঘটনার পর গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে।

গত বছরের ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ভোর ৬টায় সর্বসাধারণের গাড়ি চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত