এক কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এক কেজি স্বর্ণালঙ্কারসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোনের সদস্যরা।

বুধবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে বিমানবন্দর সংলগ্ন পতেঙ্গা সড়কে একটি মাইক্রোবাসে তল্লাশি তিন যুবকের হেফাজত থেকে স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয়েছে। বুধবার মধ্যরাতে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশ থেকে অজ্ঞাত যাত্রীর আনা এসব স্বর্ণালঙ্কার শুল্ক গোয়েন্দাদের ফাঁকি দিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে পাচার করছিল আটক ব্যক্তিরা। 

আজ বৃস্পতিবার(১৮ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে রয়েছে- ৫০পিস চুড়ি, ৪৯পিস আংটি। এছাড়া ১ টি ল্যাপটপ, ১৯টি মোবাইল ফোন সেট, ১৬ কার্টুন ডানহিল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড। এসময় চালকসহ মাইক্রোবাসে থাকা তিনজনকে আটক করা হয়। আটক তিনজন চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কোস্টগার্ড কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইস চট্টগ্রামের এন্টি স্মাগলিং কর্মকর্তা লে. কমান্ডার এইচএম তানজিমুল ইসলাম মজুমদারের নেতৃত্বে  বিশেষ অভিযান পরিচালিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, দীর্ঘদিন যাবৎ তারা অবৈধভাবে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত। জব্দ স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল চট্টগ্রাম কাস্টমস হাউসে এবং আটক ব্যক্তিদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত