ছাত্রলীগের সাবেক নেতার বাড়িতে হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কবি জসীমউদ্দীন হল ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি ও তার পরিবারের উপর টাঙ্গাইলের নিজ বাড়িতে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, মুহসিন আলম তালুকদার, সাবেক উপ প্রচার সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; লতিফুল ইসলাম, লিপুল, সাবেক প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ; সৈকতুজ্জামান সৈকত, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ; সোহান খান, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ প্রমুখ।

হামলার শিকার রনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, মেহেদী হাসানের উপর যে রকম নৃশংস হামলা হয়েছে এর সুষ্ঠু বিচার চাই। যারা নিরপেক্ষ রাজনীতি করেন আপনাদের প্রতিবাদের ভাষা হবে লেখনী বা ব্যানারের মাধ্যমে, কারো শরীরে আঘাত করে নয়। যে শরীরে জামায়াত বিএনপির আছর পড়েছে, সে শরীরে যেন নিজের দলের মানুষের আছর না পড়ে।

জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় নিজ বাড়িতে রাতের অন্ধকারে ছাত্রলীগের সাবেক এই নেতার ওপর হামলা চালায় একই সংগঠনের নেতাকর্মীরা। রাজনৈতিক প্রতিশোধের জের ধরেই স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যানের লোকজন রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাকিব হোসেন বলেন, ছাত্রলীগের একজন সাবেক নেতার বাড়িতে হামলায় আমরা আতঙ্কগ্রস্থ। মেহেদী হাসান রনি একজন পরিচিত ছাত্রলীগের নেতা ছিলেন, উড়ে এসে জুড়ে বসেছেন এরকম কোনো নেতা নয়। স্থানীয় কিছু দুষ্টলোক তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বাড়িতে হামলা করেছে, তার পরিবারের লোকজনকে মারধর করেছে। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যারা রনির বাড়িতে হামলা করেছে — তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার। অন্যথায় বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতা-কর্মীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত