ব্রিফিংয়ে কাদের

টিআইবির রিপোর্ট একপেশে, তারা বিএনপির দালাল

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:২৯ এএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট একপেশে এবং সরকারবিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা (টিআইবি) একটি পক্ষের ওকালতি করে, বিএনপি যে ভাষায় কথা বলে, তারাও একই কথা বলে। তারা বিএনপির দালাল।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানম-িতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘টিআইবি যা গবেষণা করে, বাস্তবতা আমরা খুঁজে পাই না। তারা বিএনপির সুরে কথা বলে। ইতিহাস বলে তারা সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। বিএনপির পক্ষে কথা বলে তারা। তাদের গবেষণার নিরপেক্ষতা আমরা খুঁজে পাইনি।’

তিনি বলেন, ‘একটা প্রতিষ্ঠান আছে যাদের কোনো রেজিস্ট্রেশন নেই। অথচ কিছু কিছু গণমাধ্যম আছে তাদের কথা ফলাও করে প্রচার করে। এখন ধরুন অ্যাকসিডেন্টে যদি ১০০ লোক মারা যায়, তারা এটাকে ৫০০ বানাবে। টিআইবিও এ রকম একটা প্রতিষ্ঠান।’

টিআইবির বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নিচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এই যে তাদের নিয়ে কথা বলছি এটাই তো যথেষ্ট, তারা একপেশে পক্ষপাতিত্ব করে, সেটা বলছি। সব ব্যাপারেই কি মামলা ঠুকে দিতে হবে।’ টিআইবি সরকারের বা দলের ভাবমূর্তি ক্ষুণœ করলেও আওয়ামী লীগ সংস্থাটির বিরুদ্ধে মামলা করবে না বলে তিনি জানান।

নির্বাচন-পরবর্তী বিভিন্ন স্থানের সহিংসতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনীতিতে রণকৌশল থাকবেই। আমাদের দ্বন্দ্ব-কোন্দল আছে, থাকবেই। সব দলেই আছে। এসব নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। যেখানে যত সমস্যা থাকুক, শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ।’

উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সামনে উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে। আওয়ামী লীগের বোর্ডসভায় সবই সিদ্ধান্ত হবে।

সংসদে বিরোধী দল হবে কারা, জানতে চাইলে তিনি বলেন, ৩০ জানুয়ারি বর্তমান সরকারের প্রথম অধিবেশন। জাতীয় সংসদে বিরোধী দল হবে কারা সংসদ চালু হলেই বোঝা যাবে।

দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, দোষারোপ নয়, দ্রব্যমূল্য নিয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এজন্য শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ অন্যসব ক্ষেত্রে মন্ত্রণালয়গুলো বাস্তবতার নিরিখে তাদের কর্মপরিকল্পনা তৈরি করছে।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, পারভীন জামান কল্পনা ও মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত