তৃতীয় স্তরের দলের কাছে হারের শঙ্কা উড়িয়ে জয় বার্সার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:২৫ এএম

জেলা নামে-ভারে কিংবা শক্তি-সামর্থ্যে, দুই দলের মাঝে পার্থক্য অনেক। তবে, বল মাঠে গড়াতেই তা যেন ভুলিয়ে দিতে চাইল তৃতীয় স্তরের দল ইউনিয়নিস্তাস দে সালামানকার। চমৎকার এক গোলে এগিয়েও যায় উজ্জীবিত দলটি। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বার্সেলোনা।

প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার ৩-১ গোলে জিতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠেছে জাভির দল। আলভারো গোমেসের গোলে বার্সেলোনা পিছিয়ে পড়ার পর সমতা টানেন ফেরান তোরেস। তাদের পরের গোল দুটি করেন জুল কুন্দে ও আলেহান্দ্রো বাল্দে।

রবিবার স্প্যানিশ সুপার কা ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছো ৪-১ গোলে বিধ্বস্ত বার্সা তারকা ফরোয়ার্ড রবার্ত লেভানদভস্কি এবং গুরুত্বপূর্ণ দুই মিডফিল্ডার পেদ্রি ও ইকাই গিনদোয়ানকে বেঞ্চে রেখে খেলতে নেমেছিল। ৩১তম মিনিটে অসাধারণ এক গোলে বার্সেলোনাকে স্তম্ভিত করে দেয় স্বাগতিকরা। বাঁ দিকের সাইডলাইন থেকে সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে ডান পায়ের দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার গোমেস।

৪৪তম মিনিটে বার্সেলোনার রক্ষণে ফের ভীতি ছড়ায় ইউনিয়নিস্তাস। এবার অবশ্য হোর্হে রাস্ত্রোহোর শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক ইনাকি পেনা।

পরের মিনিটেই দারুণ এক গোলে দলকে স্বস্তিতে ফেরান তোরেস। প্রতিপক্ষের একটি আক্রমণ সামলে দ্রুত পাল্টা আক্রমণ শাণায় তারা। জোয়াও ফেলিক্সের পাস ধরে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সের মুখ থেকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড।

বিরতির পরও একইভাবে পজেশন ধরে রেখে আক্রমণের চেষ্টা করতে থাকে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের তেমন পরীক্ষা নিতে পারছিল না কেউ।

অবশেষে কুন্দের একক নৈপুণ্যে এগিয়ে যায় বার্সেলোনা। সতীর্থের ছোট পাস পেয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে বুলেট গতির শটে গোলটি করেন ফরাসি এই ডিফেন্ডার।

দুই মিনিট পর আরেক ডিফেন্ডার বাল্দের গোল; দারুণ ক্ষিপ্রতায় বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জোরাল শট নেন তরুণ এই লেফট-ব্যাক, বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত