মেঝেতে ঘুমাচ্ছেন মোদি, পান করছেন কেবল ডাবের পানি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৩:২৯ পিএম

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, এদিন নির্মিতব্য মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাণ প্রতিষ্ঠা মানে হচ্ছে মন্দিরে শিশু রাম বা রামলালার মূর্তি স্থাপন করা। হিন্দুত্ববাদের এই ঐতিহাসিক ক্ষণের মূল নায়ক হিসেবে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন, ধর্মীয় আচার অনুসরণ করছেন মোদি। এর অংশ হিসেবে টানা ১১ দিনের উপবাসে আছেন তিনি, খাবার হিসেবে কেবল ডাবের পানি পান করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ডাবের পানি পান করার পাশাপাশি মোদি ঘুমাচ্ছেন মেঝেতে। আর সকালে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে ধ্যান করছেন। সাত্ত্বিক আহার করেই এই কয়েকটা দিন কাটাবেন তিনি। অর্থাৎ শাস্ত্রের ‘যম নিয়ম’ অনুযায়ী সমস্ত নির্দেশ পালন করবেন তিনি। এগারো দিনের নিয়মের মধ্যে রয়েছে তপস্যা এবং ধ্যানের মাধ্যমে মন এবং শরীরকে শুদ্ধ করা এবং বিশেষ 'সাত্ত্বিক' ডায়েট করা। এই ডায়েটের মধ্যে পেঁয়াজ, রসুন এবং অন্যান্য বেশ কয়েকটি খাবার গ্রহণ করা নিষিদ্ধ।

সংবাদমাধ্যমটি এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত ১২ জানুয়ারি থেকে মন্দিরের পবিত্রতার আচার শুরু হয়েছে। এরই মধ্যে ‘রাম লালা’র মূর্তি তৈরি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কাকডাকা ভোরে ট্রাকে করে করে নিয়ে মন্দিরের গর্ভগৃহের বেদিতে নিয়ে আসা হয় মূর্তিটি।  

আগামী ২২ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী মোদি মন্দিরের 'প্রাণ প্রতিষ্ঠা' করে পুজা করবেন। লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বে পুরোহিতদের একটি দল প্রাণ প্রতিষ্ঠার মূল আচার অনুষ্ঠান করবে। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে দুপুর ১টা পর্যন্ত। তার আগে অধিবাস হবে তিন দিন ধরে।

জানা গেছে, প্রাণ প্রতিষ্ঠার দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণ প্রতিষ্ঠার পুজা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন ১১ হাজার অতিথি উপস্থিত থাকবেন। সেই তালিকায় বলিউড তারকা থেকে শুরু করে শিল্পপতি ও রাজনৈতিক নেতারাও রয়েছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত