হারটা লিটনের কাছে সৌভাগ্যের

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫ পিএম

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আবির্ভাব ২০১৫ সালে। টুর্নামেন্টের তৃতীয় আসরে হার দিয়ে যাত্রা শুরু করেছিল তারা। তবে শেষ পর্যন্ত হয়েছিল চ্যাম্পিয়ন। গত আসরেও তারা প্রথম তিন ম্যাচ হেরেছিল। তবে ঘুরে দাঁড়িয়ে জিতেছিল চতুর্থ শিরোপা। এবারও তাদের শুরুটা হলো পরাজয় দিয়ে। তবে কি হারটা ‘সৌভাগ্যের’ প্রতীক হয়ে দেখা দিয়েছে!

এই হারে 'ইতিবাচক' অনেক কিছু দেখছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫ উইকেটের হারে টুর্নামেন্ট শুরু করা দলটির অধিনায়ক লিটন দাস বলেন, 'প্রতিটি হারই কষ্টের। আমি অধিনায়ক, আমি চাইব সব ম্যাচ জিততে। অবশ্যই এদিক দিয়ে তো খারাপ লাগবেই হেরে গেছি।'

হার নিয়ে চিন্তিত নন লিটন। কারণ দলটির হেড কোচ সালাউদ্দিন আহমেদ তাকে জানিয়েছে, হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা কুমিল্লার জন্য সৌভাগ্যর। লিটন বলেন, 'এটাও সত্যি যে কুমিল্লা প্রথম ম্যাচ হারে। স্যার (হেড কোচ) সেদিন বলছিলেন, আমরা প্রথম ম্যাচ হেরে যাই। হারটা নাকি এই সৌভাগ্য।'

এই ম্যাচ হারে বরং শাপে বর দেখছেন লিটন, 'একটা জিনিস ভালো হয়েছে, মোটামুটি মানের স্কোর করেও আমাদের বোলাররা দেখিয়েছে যে আমরা পারি। আমি দলটা দেখতে পারলাম কোথায় ঘাটতি আছে, কোথায় শক্তিশালী। এখন আমরা দলটা ভালোভাবে তৈরি করতে পারব। পরের ম্যাচ থেকে আশা করি যে ভালো কিছু হবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত