ইরান-পাকিস্তান বিরোধ, ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম

ইরান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে টেলিফোনে কথা বললেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (১৯ জানুয়ারি) জলিল আব্বাস জিলানি ও হোসেইন আমির-আবদুল্লাহিয়ান দুই দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপে ইরানের সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার মনোভাবের ভিত্তিতে পাকিস্তান কাজ করতে চায় বলে জানান জলিল আব্বাস জিলানি। এজন্য পাকিস্তানের প্রস্তুতির কথাও ব্যক্ত করেন তিনি। এছাড়াও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের  ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে পাকিস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের চেষ্টা হিসেবে জলিল আব্বাস জিলানি ও হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ফোনালাপ করবেন বলে জানিয়েছিলেন।

গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়। এর প্রতিক্রিয়ায় পরদিন ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। একইসঙ্গে ইসলামাবাদে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতকেও বহিষ্কার করে দেশটি। 

অপরদিকে হামলার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানে আক্রমণ করে পাকিস্তান। তাতে চার শিশুসহ ৯ জন নিহত হয় বলে জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত