চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আড়াই লাখ শিক্ষার্থীর আবেদন

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০১:৪১ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মোট দুই লাখ ৫৪ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী আবেদন করেছে, যা আগের তুলনায় সর্বোচ্চ। শুক্রবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

গত ৪ জানুয়ারি চবিতে শুরু হয় ভর্তি আবেদন যা শেষ হয়েছে ১৮ জানুয়ারি। এখন পর্যন্ত আবেদন ফি জমা দিয়েছে দুই লাখ ৪০ হাজার ৮০৫ জন শিক্ষার্থী। বাকিরা ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবে। এ ছাড়া ২৭ জানুয়ারি পর্যন্ত ৩০০ টাকা সার্ভিস চার্জ দিয়েআবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে।

আবেদনকারীদের সংখ্যা

এবার সর্বোচ্চ আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) এক লাখ ১ হাজার ৬৬৩ জন। ‘বি’ ইউনিট ও 'বি-১' উপ-ইউনিটে (কলা ও মানববিদ্যা) যথাক্রমে ৬৮ হাজার ৩৯৬ ও ২ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। এ ছাড়া ‘সি’ ইউনিটে (ব্যবসায়) ১৮ হাজার ৭৯৫ জন এবং ‘ডি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান) ৫৯ হাজার ৯০৬ জন ও ‘ডি-১' উপ-ইউনিটে (সামাজিক বিজ্ঞান) ৩ হাজার ১৪৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে।

ভর্তি পরীক্ষার তারিখ

২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ মার্চ ‘এ’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে। এরপর ৮ মার্চ ‘বি’ ইউনিটের, ৯ মার্চ ‘সি’ ইউনিটের এবং ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক ১০ ও ১১ মার্চে অনুষ্ঠিত হবে।

উত্তরপত্রের মূল্যায়ন যেভাবে 

এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে শর্তসাপেক্ষে সুযোগ রাখা হয়েছে। দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা। ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের ভিত্তিতে সর্বোচ্চ ২০ নম্বর যোগ হবে।

চট্টগ্রামের বাইরে একাধিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা

প্রথমবারের মতো এবার চট্টগ্রামের বাইরে একাধিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত