সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ইঙ্গিত আর জল্পনা-কল্পনা ছাপিয়ে শেষ পর্যন্ত নতুন সম্পর্কের পথেই হাঁটলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। বিয়ে করেছেন শোয়েব মালিক। আজ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন সেই বিয়ের কথা।
গেল বুধবার শোয়েবের স্ত্রী ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা বিচ্ছেদের ইঙ্গিত দেন। এরপরেই বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন পাকিস্তানি ক্রিকেটার।
বিয়ের ছবি প্রকাশ করে শোয়েব মালিক কুরআনের একটি আয়াত ক্যাপশনে জুড়ে দিয়েছেন। যেখানে লেখা, ‘নিশ্চয় তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’
পাত্রী পাকিস্তানের মেকআপ আর্টিস্ট, মডেল ও অভিনেত্রী সানা জাভেদ। বিয়ের পরপরই সানা নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও পরিবর্তন এনেছেন। এখন তার নাম সানা শোয়েব মালিক।
শোয়েব বর্তমানে আছেন বাংলাদেশে। বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে।
গেল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সানিয়া লিখেছিলেন, 'বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভাল নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনও সহজ নয়। এটা সব সময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন।'
অবশ্য ডিভোর্স নিয়ে সানিয়া ও শোয়েবের কেউই এখনও মুখ খোলেননি। সানিয়া বর্তমানে আছেন অস্ট্রেলিয়ায়।
২০১০ সালে বিয়ে হয়েছিল সানিয়া-শোয়েবের। তাদের এক সন্তানও আছে।
