শেখ হাসিনা বিশ্বের মধ্যে একজন সৎ প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদমন্ত্রী

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৭:২৪ পিএম

শেখ হাসিনাকে বিশ্বের মধ্যে একজন সৎ প্রধানমন্ত্রী উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, বাংলার মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভোট দিয়ে টানা চারবারের মতো প্রধানমন্ত্রী করেছে। তিনি বাংলার মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রয়োজন তার হাতকে শক্তিশালী করা। তাহলেই এই দেশ সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ হবে।

আজ শনিবার বিকেলে ফরিদপুর পৌরশহরের আলীপুর মোড়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিবের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলকানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ। সংবর্ধনায় বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহকারে মিছিল নিয়ে অংশ নেন।

আব্দুর রহমান বলেন, আজকের বিশ্ব শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষান্বিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক বড় চ্যালেঞ্জ হাতে নিয়ে পুনরায় দেশ পরিচালনার ভার নিয়েছেন। তার বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র আছে। ঐক্যবদ্ধভাবে সামনের এই দৃশ্যমান দুঃসময় মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে। ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।

আব্দুর রহমান বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমি গর্বিত না, অহংকারী না, আমি আরও বেশি বিনয়ী হয়েছি। সারা জীবনের রাজপথের একজন কর্মী হিসেবে, সারা জীবন বাংলাদেশ আওয়ামী লীগের সংকট-সম্ভাবনায় সেই চিরপরিচিত মিছিলের সামনে দাঁড়িয়ে এই কণ্ঠে জয় বাংলা স্লোগান ধ্বনিত করেছি, জয় বঙ্গবন্ধুর কথা বলেছি। 

তিনি বলেন, সেই আব্দুর রহমানের কাছে তার সংবর্ধনার মন্ত্রী মহোদয় সম্বোধন বেমানান মনে হয়। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর কাছে আমি রহমান ভাই হিসেবে বেঁচে থাকতে চাই। এর বাইরের কোনো পরিচয় আমার কাছে স্বচ্ছন্দের পরিচয় না।

এর আগে দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. মোর্শেদ আলম সার্কিট হাউজে লাল গালিচা সংবর্ধনা দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত