করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৪

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম

দেশে আবার চোখ রাঙাচ্ছে মরণব্যাধি করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে দেশে করোনায় আরও একজন মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে করোনায় মারা গেলো ৩ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮০ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৭৫৮ জনে।

রবিবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৯ জন। এরমধ্যে ৬ জন সাধারণ বেডে, ১১ জন আইসিইউতে এবং এইচডিউতে ভর্তি আছেন ২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৫৭৪টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৩২ জন ঢাকার এবং দুজন কক্সবাজারের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত