রাজধানীতে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, গুলিবিদ্ধ পুলিশ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম

রাজধানীর খিলগাঁও রেলগেট কাঁচাবাজারে সিটি করপোরশেনের উচ্ছেদ অভিযানে এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী হাসান (২৪) নামে এক পুলিশ কনস্টেবল পায়ে গুলিবিদ্ধ হয়েছে এবং শাজানপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাহিদুল ইসলামের মাথায় ইটের আঘাত লেগেছে।

রোববার (২১ জানুয়ারি) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল আর ইন্সপেক্টর (অপারেশন) মাহিদুল ইসলামকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতের সহকর্মীরা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি উচ্ছেদ অভিযানে বাড়তি নিরাপত্তার জন্য রাজারবাগ থেকে তাদেরকে সেখানে ডিউটিতে নেয়া হয়েছিলো। সেখানে গিয়ে পৌঁছানোর পরপরই এলাকার লোকজন উত্তেজিত হয়ে উঠে। পুলিশকে দেখে ছোট ছোট ছেলে-মেয়েরা থেকে শুরু করে সবাই ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। বিভিন্ন ভবনের ছাদ থেকেও ইট নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে তারা সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কনস্টেবল মেহেদী পায়ে গুলিবিদ্ধ হয়।

তবে তার পায়ে কীভাবে গুলিবিদ্ধ হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি সহকর্মীরা। ধারণা করা হচ্ছে, সহকর্মীদের কারো শটগানের মিসফায়ারে তার পায়ে গুলিবিদ্ধ হয়।

মেহেদী হাসান পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগে কর্মরত। থাকেন রাজারবাগে।

এদিকে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা জানান, দুপুরে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পূর্ব ঘোষণা অনুযায়ী পুলিশের উপস্থিতিতে খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযানে যান। সেখানে গেলে বাজারের লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় রাজারবাগ পুলিশ লাইনের এক পুলিশ সদস্য সটগানের গুলিতে আহত হয়েছেন। এছাড়া শাজানপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাহিদুল ইসলাম ইটের আঘাতে আহত হয়েছেন। হাসপাতাল থেকে তার মাথায় তিনটি সেলাই করানো হয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ঘটনার সময় কোনো পুলিশ সদস্যসের শটগান থেকে গুলি বেরিয়ে ওই পুলিশ সদস্যর পায়ে লেগেছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। উচ্ছেদ অভিযানও চলমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত