সেই পুকোভস্কির হেলমেটে ফের বলের আঘাত

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৩:২১ পিএম

কনকাশনের সঙ্গে উইল পুকোভস্কির যেন আত্মার সম্পর্ক। কনকাশনের কারণে তার সম্ভাবনাময় ক্যারিয়ার থমকে গেছে কয়েকবার। আবারও একই শঙ্কায় পড়েছিলেন তিনি। তবে এবার গুরুতর কিছু হয়নি অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানের।

ভিক্টোরিয়ার দ্বিতীয় একাদশের হয়ে একটি ম্যাচে সাউথ অস্ট্রেলিয়ার পেসার ডেভিড গ্রান্টের শর্ট বলে হুক করার চেষ্টায় বল লাগে পুকোভস্কির হেলমেটে। তখন ৪২ রানে ব্যাট করছিলেন তিনি।

পুকোভস্কির কনকাশনের ইতিহাসের কারণেই শঙ্কা জাগে তাকে নিয়ে। সব মিলিয়ে ১১ বার কনকাশনের শিকার হয়েছেন পুকোভস্কি। ২০২২ সালে মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে বিরতিও নিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার সম্ভাবনাময় ব্যাটসম্যানদের একজন হিসেবে ২০২১ সালে টেস্ট অভিষেক হয় পুকোভস্কির। অভিষেকে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। সেই ম্যাচে চোট পেয়েছিলেন কাধে। এরপর আর ফেরা হয়নি জাতীয় দলে।

২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত পুরো এক মৌসুম খেলতে পারেননি পুকোভস্কি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত