প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলাসহ আরো ছয় মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বাকি পাঁচটি মামলা তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র রাজধানীর পল্টন ও রমনা থানায় এসব মামলা করেছিল পুলিশ।
আজ সোমবার (২২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাঁকে ২৫ মার্চ পর্যন্ত জামিন দেন।
গয়েশ্বর চন্দ্রের পাশাপাশি নাশকতার এক মামলায় তাঁর পুত্রবধূ বিএনপি নেতা নিপুণ রায়কেও আগাম জামিন দেওয়া হয়েছে। তাকেও ২৫ মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত বছর ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশের আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। সংঘর্ষের এক পর্যায়ে রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। আর রাজধানীর দৈনিক বাংলার মোড় এলাকায় সংঘর্ষে আমিনুল পারভেজ নামের এক পুলিশ কনস্টেবল নিহত হন। সংঘর্ষ, হামলা ও পুলিশ হত্যার দায়ে রমনা, পল্টনসহ বিভিন্ন থানায় মোট ৩৬টি মামলা করেন পুলিশ। এই ৩৬ মামলার মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলাসহ গয়েশ্বর চন্দ্র রায়কে ছয় মামলায় আসামি করা হয়ে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
